ক্রিকেট মাঠ থেকে বিদায় নেওয়ার পরে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে সফরে যাচ্ছেন শাহরিয়ার নাফীস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে এই সফরে দলের সাথে যাচ্ছেন তিনি। খবর বিডিক্রিকটাইম’র।
শনিবার (১০ এপ্রিল) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ মোট ২৯ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন।
তাদের মধ্যে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের নতুন মুখ শাহরিয়ার নাফীসও। গত ফেব্রুয়ারি মাসেই তিনি এই পদে যোগ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ শুরু করেছেন।
সাধারণত ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে বাংলাদেশ দলের সাথে থাকেন সাব্বির খান। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে তিনি থাকছেন না। তাই তার বদলে এই সিরিজে বাংলাদেশ দলের সাথে যাবেন নাফীস। বোর্ডে যোগ দেওয়ার পরে জাতীয় দলের সাথে এটাই তার প্রথম সফর হতে যাচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসে নাফীস ও আব্দুর রাজ্জাককে বোর্ডে নিয়োগ দেওয়া হয়। ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে নাফীস ও নির্বাচক হিসেবে যোগদান করেন রাজ্জাক। নিয়োগ পাওয়ার ব্যাপারটি চূড়ান্ত হওয়ার পরে মাঠের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এই দুই ক্রিকেটার।
প্রসঙ্গত, ৩৫ বছর বয়সী শাহরিয়ার নাফীস জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন ২৪টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচে। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়কও ছিলেন নাফীস।
অবশ্য ওই একটি ম্যাচ ছাড়া আর অধিনায়কত্ব করা, এমনকি টি-টোয়েন্টি খেলারই সুযোগ হয়নি তার। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সর্বশেষ আসরে নিজের শেষ ম্যাচ খেলেছেন তিনি।
এমবি





