বিদেশী লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কাছে আবেদন করেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান এ কথা জানিয়েছেন।
বিসিবি সভাপতি বলেন, "তার সঙ্গে কথা বলে দুই-তিন দিন আগে বাইরে খেলার নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন করেছেন সাকিব।"
এই বিষয় তিনি আরো বলেন, "তার অনেক কিছুর উন্নতি হয়েছে বলেই, ঘরোয়া ক্রিকেটে ওর খেলার ওপর নিষেধাজ্ঞা উঠেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাকিবের বাইরে খেলার নিষেধাজ্ঞা উঠে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।এটা বোর্ড সভায় গেলে বোর্ড বিবেচনা করবে।"
শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় গত ৭ জুলাই সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এ সময় আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও ঘোষণা দেয় তারা।
পরে তার শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ১৫ সেপ্টেম্বর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় তারা। তবে দেশের বাইরের টুর্নামেন্টে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা থেকে যায়।
জেডআই





