কড়া রোদ মাথায় রেখেই শুক্রবার দুপুর থেকেই ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ছুটতে শুরু করে ফুটবল প্রেমী হাজারও দর্শক। রং বেরঙের ব্যানার ফেস্টুন হাতে স্টেডিয়ামে আসে দর্শকরা।

খেলা শুরুর আগেই কাঁনায় কাঁনায় পূর্ণ হয়ে যায় ১৫ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামটি। ময়মনসিংহ যেন পরিণত হয় উৎসবের নগরীতে।

এবারই প্রথম এই নগরীতে জাতীয় পর্যায়ের কোনো ফুটবল প্রতিযোগিতা। এ নিয়ে যেন আগ্রহের কোন ধরণের কমতি ছিল না ফুটবল প্রেমীদের মাঝে।

মুখভরা উচ্ছ্বাস নিয়ে খেলা দেখতে আসা ইমরান নামের এক কলেজ ছাত্র জানালেন, এতদিন আমরা দেখেছি ঢাকা, চট্টগ্রামের মত জাগয়ায় খেলা হতে। এসব খেলা আমরা দেখতে পেতাম শুধু মাত্র টিভিতে। এবারই প্রথম আমাদের শহরের স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের খেলা হচ্ছে তাই বন্ধু-বান্ধবদের নিয়ে মাঠে চলে আসলাম।

কার খেলা হচ্ছে এমন প্রশ্ন করা হলে মারুফ নামের এক কিশোর বলেন, কে কে খেলছেন এটা জানি না। আমাদের এখানে খেলা হচ্ছে আর এই খেলাকে ভালবেসেই এখানে এসেছি। বন্ধুদের নিয়ে খেলা দেখবো আর উল্লাস করবো।

প্রচারণা কম থাকায় অনেকে দর্শক হওয়া নিয়ে শংকা প্রকাশ করলেও সব শংকাকে ভুল প্রমাণ করেই ক্রিড়াপ্রেমীদের আগমনকে কেন্দ্র করেই ময়মনসিংহ হয়ে উঠে উৎসবের নগরী।

এফএফ