আবারও ঝড় তুললেন মুস্তাফিজুর রহমান। তার বোলিং ঝড়ে এবার মাঠ থেকে বিদায় নিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডুমিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন বেহারদেইন (৩) ও ক্রিস মরিস (০)।

ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজের প্রথম বলেই ক্যাচ তুলে দেন ডি কক (২)। সেটি লুফে নিতে ভুল করেননি সাব্বির রহমান।

ডু প্লেসিসকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন আমলা। কিন্তু ১৩তম ওভারের প্রথম বলে সরাসরি তাকে বোল্ড করে দনে রুবেল হোসাইন। ৩৭ বলে মাত্র ২২ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

১৯তম ওভারে নাসিরের হাতে বল তুলে দেন দলনেতা মাশরাফি। প্রথম বলেই রুশোকে বোল্ড করে দিলেন তিনি। মাঠ ছাড়ার আগে মাত্র ৪ রান করেন রুশো।

২৪তম ওভারে বল করতে এসেই উইকেট নিলেন মাহমুদুল্লাহ। তার পঞ্চম বলে মিলারের (৯) দুর্দান্ত ক্যাচ ধরেন মাশরাফি।

২৬তম ওভারে মাহমুদুল্লাহর বলে ডু প্লেসিস নিশ্চিত এলবিডব্লিউ'র ফাঁদে পড়লেও আম্পায়ার অজানা কারণে আউট দেননি। রিভিউ নিলে দেখা যায় মিডল স্টাম্প উড়ে যেত, তারপরও উইকেট বঞ্চিত হয় টাইগাররা।

তবে ২৯তম ওভারে নাসিরের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সৌম্য সরকারের তালুবন্দী হন। ফলে শেষ হয়ে যায় তার ৪১ রানের ইনিংস।

৩১তম ওভারে নাসিরের তৃতীয় বলে বেহারদাইনকে এলবিডব্লিউ আউট দেয়া হলেও রিভিউতে সেটা বাতিল হয়ে যায়। তবে ৩২তম ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১৩ রান করা ডুমিনি।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।

জেডআই