ঢাকা: ২০১৪ সালে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই বড় দুটি টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বড় দুই রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী জানুয়ারিতে পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসবে আইসিসি ও এসিসি। এরপর তারা বিসিবি'র সঙ্গে এ বিষয় আলোচনা করবে। তাদের আসার আগেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে বেঠক করবে বিসিবি।
বিসিবি ইতোমধ্যে বেশ ধাক্কাও খেয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হোটেলের সামনে ককটেল বিস্ফোরিত হয়। ফলে নিরাপত্তার কারণ দেখিয়ে সিরিজ না খেলেই দেশের মাটিতে ফিরে যায় সফরকারীরা।
এছাড়া বাংলাদেশে পাকিস্তান বিরোধী আন্দোলনের জন্য দেশটি ভেন্যু পরিবর্তনের দাবি জানাতে পারে- এমন সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম।
এ পরিস্থিতিতে বিসিবি'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় আসন্ন ক্রিকেট টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে বোর্ড প্রধান দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতে চান। খুব শিগগিরই আমরা আলোচনায় বসার জন্য দু'দলকে চিঠি পাঠাবো। যারা সাড়া দিবেন তাদের সঙ্গে টুর্নামেন্ট আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে কথাবার্তা হবে। জানুয়ারিতে এসিসি ও আইসিসির সঙ্গে আমাদের সভা আছে।
এশিয়া কাপের আগে আগামী ২৭ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। এরপর ফেব্রুয়ারিতে এশিয়া কাপ ও ১৬ মার্চ থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।





