রাজশাহী কিংস’কে ২০৬ রানের বিশাল টার্গেট দিয়েছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। ৩ ম্যাচে দ্বিতীয়বার শতরানের জুটি গড়েছেন দুই ওপেনার উপুল থারাঙ্গা এবং আন্দ্রে ফ্লেচার।

থারাঙ্গার হাফ-সেঞ্চুরি এবং ফ্লেচার-গুনাথিলাকার চল্লিশোর্ধ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ গড়েছে স্বাগতিকরা।

আজ (মঙ্গলবার) টসে হেরে ব্যাটিংয়ে নেমে যথারীতি উড়ন্ত সূচনা করে সিলেট সিক্সার্স।  

৬৩ বলে ১০১ রানের ওপেনিং জুটি গড়েন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। ৩৭ বলে ৫ চার ১ ছক্কায় ৫০ রান করে ফ্র্যাংকলিনের বলে রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামির তালুবন্দী হন থারাঙ্গা।

অপর ওপেনার ফ্লেচার ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। তার ৩০ বলে ৫ চার ৩ ছক্কায় ৪৮ রানের ইনিংসটি থামে রান-আউটে।

৩ নম্বরে নেমে সাব্বির রহমান আজও ইনিংস বড় করতে পারেননি।

ফিরেছেন ১৪ বলে ১ বাউন্ডারিতে মাত্র ১৬ রান করে। ২১ বলে ৪২ রানের ঝড় তুলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দেন আরেক লঙ্কান তারকা দানুশকা গুনাথিলাকা।

দ্বিতীয় ম্যাচের হিরো উইকেটকিপার নুরুল হাসান আজ ০ রানেই আউট হয়েছেন। তাতে খুব একটা ক্ষতি হয়নি। নির্ধারিত ২০ ওভার ৬ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে সিলেট সিক্সার্স।

রাজশাহী কিংস: লুক রাইট, জেমস ফ্র্যাঙ্কলিন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, সামিট প্যাটেল, ফরহাদ রেজা, রনি তালুকদার, নিহাদ উজ জামান ও কেসরিক উইলিয়ামস।

সিলেট সিক্সার্স: সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, কামরুল হাসান রাব্বি, শুভাগত হোম, নুরুল হাসান, লিয়াম প্লাঙ্কনেট, উপুল থারাঙ্গা, রস হুইটলি, আন্দ্রে ফ্লেচার ও দানুশকা গুনাথিলাকা।

এমবি