আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও বাংলাদেশ দলকে নিয়ে এক অদ্ভূত টুইট করেছেন পাকিস্তানের অল রাউন্ডার মোহাম্মদ হাফিজ।
তার অফিসিয়াল টুইটার পেইজে লিখেছেন, "আমি মনে করি, এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নয়টি দল নেয়ার সময় হয়েছে...বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের অবশ্য স্বীকৃতি দিতে হবে।"
মোহম্মদ হাফিজের টুইট সত্যিই অবাক হওয়ার মতো। কারণ আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম স্থানে নেই। আবার এমনটাও নয় যে, সাম্প্রতিককালে ভালো খেলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ।
উল্টো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাওয়া নিয়ে মহা-দুশ্চিন্তায় পাকিস্তান। কারণ অষ্টম স্থান পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করছে তারা।
র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা ইংল্যান্ডের চেয়ে মাত্র ২ পয়েন্ট কমে ৯৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। আর ৮৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ২ পয়েন্ট বেশি নিয়ে আট নম্বরে আছে পাকিস্তান।
২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। সেখানে জায়গা পেতে নিজেদের পয়েন্ট হারানোর ভয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজ স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ সেই সিরিজে হারলে পয়েন্ট কমে গেলে এই অভিজাত টুর্নামেন্ট থেকে পাকিস্তানই বাদ পড়তে পারে।
হাফিজের উদ্ভূত এই টুইটে রিটুইট করেছেন পাকিস্তানের নিমরা ইশতিয়াক। তিনি লিখেছেন, ‘কিন্তু কিন্তু কিন্তু বাংলাদেশ তো এরই মধ্যে জায়গা করে নিয়েছে।’
আর শহিদুল আলম নামের আরেক জন রিটুইট করেছেন, ‘ভাবখানা এমন বাংলাদেশই চ্যাম্পিয়নস ট্রফির জায়গার জন্য লড়াই করছে? ভাই চোখ খুলুন, আগে আট নম্বর জায়গাটি সুরক্ষিত করুন। বাংলাদেশ সাত নম্বরে নির্ভার হয়ে বসে আছে।’
জেডআই





