আড়াই বছর পর বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতলো ইংল্যান্ড। গ্রানাডায় সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিদেশের মাটিতে জিততে না পারার খরা কাটালো ইংলিশরা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল অ্যালিস্টার কুকের দল।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২০২ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। এসময় স্বাগতিকদের লিড ছিল ৩৭ রান। এই লিডটাকে আরো বড় করার লক্ষ্য ছিল ক্যারিবীয়দের। কিন্তু স্বাগতিকদের লক্ষ্য পূরণে বাঁধা সৃষ্টি করেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন ও স্পিনার মঈন আলী। দিনের শুরুতেই অ্যান্ডারসন ফিরিয়ে দেন ১০১ রান নিয়ে দিন শুরু করা ক্রেইগ বার্থওয়েতকে। ১১৬ রানে ফিরেন তিনি।

২২ রানে শুরু করা মারলন স্যামুলেয়সকে নিজের শিকার বানান অ্যান্ডারসন। স্যামুয়েলস থামেন ৩৭ রানে। এই দু’ব্যাটসম্যানকে ফিরিয়ে শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দেন অ্যান্ডারসন। এরপর সেই চাপ থেকে আর মুক্ত হতে পারেনি স্বাগতিকরা।

মিডল-অর্ডারে একমাত্র দিনেশ রামদিনই বড় স্কোর গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ২৮ রানের রামদিনকে প্যাভিলিয়নে পাঠান মইন। এরপর মঈন আরও দু’উইকেট নিয়েছেন। ফলে ৩০৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন ৪ ও মঈন ৩ উইকেট শিকার করেন। আর টেস্ট জয়ের জন্য ১৪৩ রানের টার্গেট পায় ইংল্যান্ড।

সেই লক্ষ্যে ছুটতে গিয়ে শুরুতে ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ২ রানে কোন স্কোর না করেই আউট হন ওপেনার জনাথন ট্রট। তাতে মনে হয়েছিলো- ম্যাচটি উত্তেজনা ছড়াবে। কিন্তু সেই উত্তেজনার জন্ম দেননি ইংল্যান্ড দলপতি কুক ও গ্যারি ব্যালেন্স। দ্বিতীয় উইকেটে ১৪২ রানের অনবদ্য জুটি গড়েন কুক ও ব্যালেন্স। এ সময় ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বেশ সমীহই করে খেলেছেন তারা। কারণ দিনের খেলা শেষ হবার এক ঘন্টা আগে জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। এই জয়ে অবশ্য স্তস্তির নিঃশ্বাসই ফেলেছে ইংলিশরা। কারণ আড়াই বছর পর বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড।

সর্বশেষ ২০১২ সালে ৫ ডিসেম্বর কোলকাতায় ভারতকে ৭ উইকেটে হারিয়েছিলো ইংল্যান্ড। সফরকারীদের এমন জয়ে বড় অবদান রাখায় ম্যাচের সেরা হয়েছেন জো রুট। দ্বিতীয় ইনিংসে ১৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন রুট। এই ইনিংসে ব্যালেন্স ৮১ ও কুক ৫৯ রানে অপরাজিত থাকেন।

আগামী ১ মে বার্বাডোজে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ২৯৯/১০ ও ৩০৭/১০, ১১২ ওভার (বার্থওয়েত ১১৬, ডোয়াইন ব্রাভো ৬৯, অ্যান্ডারসন ৪/৪৩)।

ইংল্যান্ড : ৪৬৪/১০ ও ১৪৪/১, ৪১.১ ওভার (ব্যালেন্স ৮১*, কুক ৫৯*, গ্যাব্রিয়েল ১/২০)।

ফল : ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

ম্যান অব দ্য ম্যাচ : জো রুট (ইংল্যান্ড)।

জেডআই