দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরকে হুমকি মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য স্পিন সহায়ক পিচ তৈরি না করতেও স্বাগতিকদের সতর্ক করেছেন তিনি।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে গাঙ্গুলি বলেন, ‘তাহির একজন ভাল মানের স্পিনার এবং ভারতীয় কন্ডিশনে তিনি একটি হুমকি হয়ে দাঁড়াবেন। আমি চাই স্পিন সহায়ক নয়, ভারত স্পোর্টিং উইকেট তৈরি করুক। টার্নিং উইকেট বানালে তাহির হবেন একজন ম্যাচ উইনার।’

ভারত সফরের জন্য দলে তিন জন স্পিনারকে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার নেতৃত্বে টেস্ট দলে তাহিরকে পুনরায় ডাকা ছাড়াও অফ স্পিনার ডেন পিৎ এবং আরেক অফ ব্রেক বোলার সিমন হার্মারকে নেয়া হয়েছে।

গত নয় বছরে মাত্র দুইটি টেস্ট সিরিজ হেরেছে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা প্রোটিয়াসরা। দু’বারই তারা নিজ মাঠে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। দেশের বাইরে সর্বশেষ ২০০৬ সালে শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজে হারের স্বাদ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

তবে ভারতকে হারানোটা আমলার নেতৃত্বাধীন দলের জন্য কঠিন হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন গাঙ্গুলি।

তিনি বলেন, ‘এটা একটা দীর্ঘ সিরিজ এবং আমি মনে করছি না ভারত চার ম্যাচের সবক’টিতেই খারাপ খেলবে। ভারতকে হারাতে দক্ষিণ আফ্রিকাকে সত্যিকারার্থেই খুব ভাল করতে হবে।’

আগামী ৫ নভেম্বর মোহালিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ।

জেডআই