নিরাপত্তা ইস্যুতে অনেক নাটক মঞ্চায়নের পর সরকারের কাছ থেকে ভারত যাওয়ার সবুজ সংকেত পায় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শনিবার প্রতিবেশী দেশটিতে পৌঁছানোর কথা পাকিস্তান পুরুষ ও নারী ক্রিকেট দলের।

পশ্চিমবঙ্গের সরকার এবং পুলিশ কমিশনার রাজীব কুমারের কাছ থেকে কলকাতায় অনুষ্ঠিতব্য ম্যাচের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের চিঠি পাওয়ার পর পাকিস্তান সরকারের কাছ থেকে এই সবুজ সংকেত মিলে। ১৯ মার্চ ইডেন গার্ডেনে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার মধ্যদিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে শহীদ আফ্রিদিরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজম শেঠি গতকাল শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার খানের সঙ্গে সাক্ষাত্ করেন। পরে তিনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পূর্ণ নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিষয়ে চিঠি পাওয়ার কথা গণমাধ্যমকে জানান।

শেঠি বলেন, ‘ভারতের (স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পশ্চিমবঙ্গ সরকার) কাছ থেকে যে নিরাপত্তার প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পেয়েছি। ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে, চৌধুরি নিসার দলকে ভারত সফরের জন্য অনুমোদন দিয়েছেন। তিনি জনিয়েছেন, সরকার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস পেয়েছে। তাই আমরা আমাদের দলকে ভারতে পাঠাতে পারি। আজ রাতে (গতকাল) অথবা আগামীকাল সকালে (আজ) দল রওনা দিবে।’

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পুলিশ কমিশনারের চিঠি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে দাখিল করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

সিএবি’র দু’জন কর্মকর্তার মতে, চিঠির বার্তা ছিল ছোট। মমতা এবং রাজীব দু’জনেই কলকাতায় অবস্থানকালীন সময়ে পাকিস্তান দলের নিরাপত্তার দায়িত্ব নেয়ার কথা বিবৃত করেন। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা ছিল।

কিন্তু হামলার হুমকির কারণে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠায় পাকিস্তান। প্রতিনিধি দলটি ধর্মশালায় খেলা নিরাপদ নয় বলে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের পর অন্যত্র ম্যাচ সরিয়ে নেয়ার দাবি জানায় পাকিস্তান।

তাদের চাওয়ার ভিত্তিতে সেখান থেকে খেলা ইডেনে সরিয়ে নেয় আইসিসি। কিন্তু নিরাপত্তা নিয়ে পূর্ণ আশ্বাস না পাওয়ার দলের ভারতযাত্রা স্থগিত রাখে পাকিস্তান। ধারণা করা হচ্ছে, এরপর সিএবি’র কাছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসের নিশ্চয়তা চায় আইসিসি। গত সপ্তাহের প্রথমদিকেই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল পাকিস্তানের। এই প্রতিবেদন লেখাকালীন লাহোরে অবস্থান করছিল পাকিস্তান পুরুষ দল। আর করাচিতে নারীরা। সুত্র : ক্রিকইনফো/ডন

এমই