২০১৫ বিশ্বকাপে শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। মার্টিন গাপটিলের ডাবল সেঞ্চুরিতে ক্যারিবীয়দেরকে ৩৯৪ রানের লক্ষ্য বেধে দিয়েছে তারা।
শনিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরকে বেধড়ক পিটিয়েছেন গাপটিল। তার তাণ্ডবে শেষ ৬ ওভারে ১১১ রান জমা হয় নিউজিল্যান্ডের খাতায়।
ওপেনার হিসেবে খেলতে নেমে অপরাজিত ২৩৭ রানে মাঠ ছাড়েন গাপটিল। ১৬৩ বলে ২৪টি চার ও ১১টি ছক্কায় এই স্কোর করেন তিনি। এটি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। এর আগে গেইলের ২১৫ রান ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
শুধু বিশ্বকাপ নয়, ওয়ানডে ইতিহাসেও রেকর্ডের পাতায় গাপটিল। তার ২৩৭ রানের ইনিংস ওয়ানডেতে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ২৬৪ রান নিয়ে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা।
গাপটিল রেকর্ড স্কোর করলেও বাকিদের কেউই হাফ-সেঞ্চুরি করতে পারেনি। ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে জেরোম টেইলরের বলে উড়িয়ে মারতে গিয়ে অধিনায়ক জ্যাসন হোল্ডারের অসাধারণ ক্যাচে পরিণত হন ব্রেন্ডন ম্যাককালাম।
ষোড়শ ওভারে কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন আন্দ্রে রাসেল। তার বলে ক্রিস গেইলের হাতে ধরা পড়েন উইলিয়ামন।
৩৯তম ওভারে রান আউট হয়ে যান রস টেইলর। তার করা ৪২ রানই দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।
১৫ রান করা অ্যান্ডারসনের পর ২৭ রান করে বিদায় নেন ইলিয়ট। ৯ রানে লুক রঞ্চি বিদায় নিলেও ৮ রান নিয়ে অপরাজিত থাকেন ভেট্টরি।
ওয়েস্ট ইন্ডিজের বোলার জেরোম টেইলর তিনটি ও আন্দ্রে রাসেল তিনটি উইকেট পান।
মঙ্গলবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালে খেলবে এ ম্যাচে বিজয়ী দল।
জেডআই





