আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় টানা তৃতীয় বারের মতো শিরোপা জিতেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মঙ্গলবার (৫ মার্চ) ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা অর্জনে হ্যাট্রিক করার গৌরব অজন করে ইবি।

মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৯ এর ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৩৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।

টুর্ণামেন্টে ইসলামী বিশ্ববিদ্যালয় ৯০ পয়েন্ট এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ৫৫ পয়েন্ট অর্জন করে। এদিকে মঙ্গলবার সকাল নয়টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গত ১ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে টুর্নামেন্টটি শুরু হয়। প্রতিযোগীতায় দুটি গ্রুপে সাতটি বিশ্ববিদ্যালয় অংশ গ্রহন করে। গ্রুপ পর্বের খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৭০-৩১ ব্যাবধানে ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৮৫-২৭ ব্যাবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে ইসলামী বিশ্ববিদ্যালয়। সেমিফাইনালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৯১-৫৯ পয়েন্ট ব্যাবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইবির বাস্কেটবল টিম।

খেলা শেষে বিজয়ী, রানারআপ ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ট্রফি তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। শারীরিক শিক্ষা বিভাগের সহকারি পরিচালক মাবিলা রহমানের সঞ্চালনায় পুরষ্কার বিতারণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য ও ক্রীড়া কমিটির সভাপতি অধ্যাপক ড. শাহিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিসট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল প্রমূখ।

পুরষ্কার বিতরণকালে উপাচার্য বলেন, ‘খেলায় আমরা যেমন লক্ষ্য স্থির করে খেলি ঠিক তেমনি পড়াশুনাসহ সকল কর্মে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির থাকলে নির্দিষ্ট গোলে পৌছানো সম্ভব।’

এর আগে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতায় ২০১৭ এবং ২০১৮ সালে চ্যাম্পিয়ান হয় ইবি। এবার চ্যাম্পিয়ান হবার মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে শিরোপা জয়ে হ্যাট্রিক করার গৌরব অর্জন করল ইসলামী বিশ্ববিদ্যালয়।

নাহিদ/এম বিল্লাহ