অস্ট্রেলিয়ার কাছে বাজে হারে সিরিজ খুইয়েছে ভারত। সান্ত্বনার এক জয়ে কোনোমতে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছি বিরাট কোহলির দল। ব্যাটসম্যান কোহলিকে মাথায় তুলে রাখলেও অধিনায়ক কোহলির প্রতি যে ভারতীয় সমর্থকদের আস্থা নেই তা উঠে এসেছে এক জরিপে।
একটি দলের অধিনায়ক কে হবেন তা ঠিক করা দেশটির ক্রিকেট বোর্ড, নির্বাচকদের কাজ। তবে ভারতীয় এক গণমাধ্যম জরিপে ক্রিকেট সমর্থকদের মতামত চেয়েছিল। অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারার পরে এই জরিপ করা হয়। যেখানে অংশ নেন ৬৭ হাজার ৬৫২ জন সমর্থক। যাদের মধ্যে ৭৭ শতাংশ সমর্থকই কোহলির বিপক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ কোহলিকে তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে দেখতে চান না।
উক্ত জরিপে অংশ নেওয়া সমর্থকদের মধ্যে ৫২ হাজার ২৮২ জনই চান ভারতের রঙিন পোশাকের সংস্করণের অধিনায়কত্ব থেকে কোহলিকে অপসারণ করা হোক। অপরদিকে, বিরাটকে অধিনায়ক রাখার পক্ষে ভোট দিয়েছেন মাত্র ১৫ হাজার ৩৭০ জন। যারা কোহলিকে অপসারণের পক্ষে কথা বলেছেন তারা চান ভারতের রঙিন পোশাকের দলনেতার ভার দেওয়া হোক রোহিতকে।
মূলত আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে কোহলির বড় কোনো শিরোপা জিততে না পারা সমর্থকদের আস্থার জায়গায় ফাটল ধরিয়েছে। তাছাড়া এবছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পরে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রথম দুই ম্যাচ হারার মাধ্যমে ওয়ানডে টানা পাঁচ ম্যাচ হারে ভারত। এতেই আরও ফুঁসে উঠেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
তবে সমর্থকরা যা কিছুই চান না কেন, বিসিসিআই ও নির্বাচকরা না চাওয়া পর্যন্ত কোনো কিছুরই পরিবর্তন আসবে না।বিডিক্রিকটাইম
এমবি





