ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়ে গেল। প্রথম পর্বে তিন ম্যাচে সর্বোচ্চ গোল করার দিক থেকে এগিয়ে ছিলেন ব্রাজিলের স্ট্রাইকার নেইমার। চার গোল করে সমানে সমান ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শেষ দিনে তাদের সঙ্গে সঙ্গী হয়েছেন জার্মানির তারকা থমাস মুলার।

গ্রুপ পর্বে তিন ম্যাচ খেললেও দুই ম্যাচে গোল পেয়েছেন নেইমার। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করেন ব্রাজিলের পোস্টারবয়। দ্বিতীয় ম্যাচে মেক্সিকো তাকে গোলবঞ্চিত করে। তবে শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ফের জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতার জায়গা দখল করেন।

আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি প্রথম ম্যাচে অন্যদের চেয়ে পিছিয়ে ছিলেন। তবে তিন ম্যাচেই তিনি গোল পেয়েছেন। প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে করেন এক গোল। দ্বিতীয় ম্যাচে তার একমাত্র গোলে ইরানকে হারায় আর্জেন্টিনা। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করে নেইমারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ওঠে আসেন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসি-নেইমারদের সঙ্গে যোগ দেন জার্মানির মুলার। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে গোলের দেখা পাননি তিনি। তবে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের জালে একবার বল জড়িয়ে দিয়ে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে পিছিয়ে থাকলেন না তিনি।

এ তিনজনের পরপরই গ্রুপ পর্বে তিন গোল করে গোল্ডেন বুট জেতার দৌঁড়ে এগিয়ে রয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা, ডাচ তারকা রবিন ফন পার্সি ও অ্যারিয়েন রোবেন, সুইজারল্যান্ডের হ্যাটট্রিকম্যান জেরদান শাকিরি ও কলম্বিয়ার জেমস রদ্রিগেজ।

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই