সের্হিও আগুয়েরো-দাভিদ সিলভার নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো সেরা আটে খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইউক্রেনের দল দিনামো কিয়েভকে ৩-১ গোলে হারিয়েছে মানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

বুধবার রাতে কিয়েভের মাঠে সপ্তদশ মিনিটে আগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটি। কর্নার থেকে উড়ে আসা বল ইয়াইয়া তুরে হেড করে বাড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। তা বুক দিয়ে নামিয়ে মাপা শটে লক্ষ্যভেদ করেন তিনি।

চলতি মৌসুমে সব মিলিয়ে আগুয়েরোর এটি ১৯তম গোল। ২২তম মিনিটে আগুয়েরোর শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট হয় সিটির। দুর্বল শটে এরপর লক্ষ্যভেদে ব্যর্থ হন স্পেনের মিডফিল্ডার সিলভা।

৪০তম মিনিটে সিলভাকে আর হতাশ হতে হয়নি। আগুয়েরোর ব্যাক হিল থেকে বল পেয়ে যান রাহিম স্টার্লিং, ইংলিশ এই মিডফিল্ডারের ক্রসে পা ছুঁইয়ে স্কোরলাইন ২-০ করেন সিলভা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার ভালো একটি সুযোগ পায় দিনামো কিয়েভ। কিন্তু আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর শট দূরের পোস্ট ঘেষে বাইরে চলে গেলে হতাশা বাড়ে স্বাগতিকদের।

৫৯তম মিনিটের সুযোগটি আর নষ্ট হয়নি কিয়েভের। প্রতিপক্ষের একটি আক্রমণ পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি সিটির ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। সামনে থাকা ভিটালির জোরালো শট ওতামেন্দির গায়ে লেগে জো হার্টকে বিভ্রান্ত করে জালে জড়ায়।

৭৯তম মিনিটে হার্টের দৃঢ়তায় বেঁচে যায় সিটি; ভিটালির শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি। একটু পর সিটির তুরের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

৯০তম মিনিটে তুরে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন। ফের্নানদিনিয়োর সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে বাঁকানো শটে গোল করেন কোত দি ভোয়ার এই মিডফিল্ডার।

দিনের অন্য ম্যাচে পিএসভি আইন্দহোভেনের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ।

ওএফ