রেকর্ডের কাছে গিয়েও সেটি অর্জন করতে পারলেন না বাংলাদেশ দলের বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে এক উইকেট নিয়ে পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেছেন দুদিন আগেই। তিন ম্যাচের টেস্ট সিরিজে সেঞ্চুরি ও বেশি উইকেট নেয়ার দিক থেকে বাংলাদেশের সাকিব আল হাসান এখন চতুর্থ সেরা অলরাউন্ডার। আরো একটি রেকর্ডের অপেক্ষায় ছিলেন তিনি এবং এই দেশের অগনিত সাকিব অনুরাগী। সেটি হচ্ছে তিন ম্যাচের সিরিজে ২৫০ রান ও ২০ উইকেট নিয়ে এলিট ক্লাবের সদস্যপদ লাভ করা।
দ্বিতীয় ইনিংসে গতকাল ব্যাট করতে নেমে রানের কোটা পুরণ করেন সাকিব। চলতি টেস্ট সিরিজে তার রান ২৫১। কাল ১৭ রান করে এই লক্ষ্য পেরিয়েছেন বাংলাদেশ দলের ওই আইকন ক্রিকেটার।
ফলে বাকী ছিল ২০ উইকেট প্রাপ্তির পালা। ইতিমধ্যেই ১৮ উইকেট ঝুলিতে পুরেছেন। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস থেকে এই দুই উইকেট তুলে নিতে পারলে প্রথম অলরাউন্ডার হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২৫০ রান ও ২০ উইকেট নেয়ার কৃতিত্ব লাভ করতেন সাকিব। আর পাঁচ উইকেট নিতে পারলে তিন ম্যাচের সিরিজে সেঞ্চুরি ও বেশি উইকেট নেয়ার তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে সেরা অলরাউন্ডার হতেন সাকিব আল হাসান।
কিন্তু দ্বিতীয় ইনিংসের বোলিংয়ে খুঁজে পাওয়া যায়নি সাকিবকে। যেখানে দুটি করে উইকেট পেয়েছেন স্বাগতিক দলের পেসার শফিউল, রুবেল, স্পিনার জুবায়ের ও অনিয়মিত বোলার শুভগত। সেখানে একটিও উইকেট দখল করতে পারেননি সাকিব। ফলে দারুন একটি অর্জন থেকে বঞ্চিত হলেন সাকিব। বঞ্চিত হল এ দেশের অগণিত ক্রিকেট তথা সাকিব ভক্তরা।
তবে এটি নিয়ে আফসোস করছেন না সাকিব । এজন্য তিনি ভাগ্যকেই দুষলেন। খেলা শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রথম দুই টেস্টে যদি আমি ১৭ উইকেট না পেতাম ১০ উইকেট হতো তাহলে কি হতো। ভাগ্যে ছিলণা বিধায় আমি পাইনি। এতে আফসোসের কিছু নেই। তবে এত কাছে আসার কারণে পেলে ভাল লাগতো।
জেডআই





