জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়ে তা আইসিসির কাছ থেকে গোপন করার দায়ে ২০১৯ সালের ২৯ অক্টোবর সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি, যার মাঝে এক বছরের নিষেধাজ্ঞা ছিল স্থগিত।
সক্রিয় থাকা এক বছরের নিষেধাজ্ঞা থেকে আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার মুক্ত হয়েছেন এ অলরাউন্ডার।
আইসিসির নিয়ম অনুসারে, কোনো অনৈতিক প্রস্তাব পেলে তা দ্রুত আইসিসিকে জানাতে হবে। কিন্তু সেই কাজটি করেননি সাকিব। একজন অভিজ্ঞ ক্রিকেটারের এমন ভুলে অবাক হয়েছিলেন বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমী। সাকিব আল হাসান নিজেও জানিয়েছেন, নিজের এমন বোকামিতে অনুতপ্ত তিনি।
কিন্তু আইসিসি থেকে জানানো হয় ২০১৮ সালে তিনবার সাকিব আল হাসান অনৈতিক প্রস্তাব পেয়েও গোপন করে গিয়েছেন। এমন অপরাধে শাস্তি হতে পারে ছয় মাস থেকে পাঁচ বছরের মেয়াদে।
সাকিব আল হাসান নিষেধাজ্ঞার ঘোষণা আসার কিছুদিন আগেই (২১ অক্টোবর) ধর্মঘটে গিয়েছিল ক্রিকেটাররা। তৎকালীন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব ছিলেন সেই ধর্মঘটের অলিখিত মুখপাত্র। ক্রিকেটারদের ধর্মঘটের কিছুদিনের মধ্যেই সাকিবের নিষেধাজ্ঞার খবর সৃষ্টি করেছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য এক অস্থির পরিবেশ।
সাকিব নিষিদ্ধ হওয়ার পরের দিনগুলো খুব বেশি ভালো কাটেনি বাংলাদেশের জন্য। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটে সিরিজ জয় ছাড়া বাকি সবগুলো সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।
নিষেধাজ্ঞার পর কিছুদিন দেশে কাটানোর পর যুক্তরাষ্ট্রে স্ত্রীর কাছে চলে যান সাকিব। এ সময়ে দ্বিতীয় কন্যা সন্তানের বাবাও হয়েছেন তিনি। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন তিনি, খেলবেন কর্পোরেট টি-২০ কাপ। মাঝে দেশে ফিরে বিকেএসপিতে অনুশীলন করেছেন সাকিব।
নিষিদ্ধ থাকার কারণে আইসিসির র্যাঙ্কিংয়ে এতদিন ছিল না সাকিবের নাম। ২৯ অক্টোবর ফের আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করবেন তিনি।
ইতোমধ্যেই তাকে স্বাগত জানানো শুরু করেছেন সতীর্থরা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সাকিবকে স্বাগত জানানোর ঢেউ। ক্রিকেটপ্রেমীরাও অপেক্ষায় আছেন বাংলাদেশের ক্রিকেটের এ মহাতারকাকে ফের আকাশে দেখার অপেক্ষায়! বিডিক্রিকটাইম
এমবি





