১৯৮৬ বিশ্বকাপের পর প্রথম কোনো বড় টুর্নামেন্টে খেলছে উত্তর আয়ারল্যান্ড। প্রথমবারের মতো খেলছে এবারের ইউরোতে।

বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনকে হারিয়ে ইউরোতে প্রথম জয়ও তুলে নিয়েছে তারা। কিন্তু এই জয়ের আনন্দের মাঝে যে দুঃসংবাদও শুনতে হয়েছে তাদের। ইউক্রেন-আয়ারল্যান্ড ম্যাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক আইরিশ সমর্থক।

মাত্র ছয় দিনের ব্যবধানে এ নিয়ে ফ্রান্সে দুইজন আইরিশ সমর্থকের মৃত্যু হলো। প্রথম মৃত্যুটা হয়েছিল পাঁচদিন আগে। ফ্রান্সের শহর নিসে একটা উঁচু জায়গা থেকে পড়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা যান আইরিশ সমর্থক ড্যারেন রজার্স।

২৪ বছর বয়সি রজার্সের স্মরণে বৃহস্পতিবার ইউক্রেনের বিপক্ষে ম্যাচে কালো বাহুবন্ধনী পরে নেমেছিলেন আয়ারল্যান্ডের খেলোয়াড়রা। ম্যাচের ২৪ মিনিটে রজার্সের জন্য এক মিনিট নীরবতা পালন করে সমর্থকেরা।

কিন্তু ম্যাচের পর আয়ারল্যান্ড যখন ইউরোতে প্রথম জয়ের আনন্দে বিভোর, তখন তাদের শুনতে হলো আরেকটি মৃত্যুর দুঃসংবাদ।

স্তাদে দে লিঁওতে ম্যাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই সমর্থকের নাম রবার্ট রেইনে। ৬২ বছর বয়সি এই ব্যক্তি অবশ্য সবার কাছে আর্চি নামে পরিচিত ছিলেন।

এফএফ