ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অটোগ্রাফ নিলেন ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল।

শুক্রবার পার্থে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের লড়াই ছিল। কিন্তু ম্যাচের একদিন আগে ধোনির অটোগ্রাফ নিলেন গেইল।

এতে অত্যন্ত খুশি হয়ে গেইল বলেন, ‘ভালোই লাগছে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনের অটোগ্রাফ সংগ্রহ করলাম।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে গেইলকে নিয়েই বেশি চিন্তিত ছিলেন ধোনি। গেইলকে বধ করার পরিকল্পনায় মত্ত ছিলেন টিম ইন্ডিয়ার দলপতি। ম্যাচের আগে তার বক্তব্যে এটা স্পষ্টই ছিলো। আর গেইলের চিন্তাতেও ছিলেন ধোনি। তবে ধোনিকে বধের জন্য নয়। ধোনির একটি অটোগ্রাফের জন্য।

ম্যাচের আগের অনুশীলন শেষে ড্রেসিংরুম থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় ওয়েস্ট ইন্ডিজ দল। এমন সময় অনুশীনের জন্য মাঠে প্রবেশ করে ভারতীয় দল। এরমধ্যে টিম ইন্ডিয়ার দলপতি ধোনিকে দেখে তার দিকে ছুটে যান গেইল। অনেকেই ভেবেছিলেন সৌজন্য বিনিময়ের জন্য। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিজের দু’টো ব্যাট ধোনির দিকে বাড়িয়ে দেন গেইল।

ব্যাট বাড়িয়ে দিয়েই ধোনির প্রতি গেইলের অনুরোধ, ‘অটোগ্রাফ চাই’। এমন কথা শুনে হাসি দিয়ে গেইলের ব্যাটে অটোগ্রাফও দেন ধোনি। আর অটোগ্রাফ পেয়ে গেইল বলেন, ‘ভালোই লাগছে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনের অটোগ্রাফ সংগ্রহ করলাম।’

জেডআই