পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। বেশ সতর্কভাবেই ব্যাট চালাচ্ছেন দুই ওপেনার মেহেদী মারুফ ও কুমার সাঙ্গাকারা। টস জিতে রাজশাহী কিংসকে ফিল্ডিংয়ে পাঠান সাকিব আল হাসান।
এ রিপোর্ট লেখা অবধি ঢাকার সংগ্রহ তিন ওভার শেষে বিনা উইকেটে ১৫। মারুফ ৯ ও সাঙ্গাকারা ৩ রানে ব্যাট করছেন।
সাকিবদের সামনে প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জও বটে! বিপিএলের এবারের আসরে দ্বিতীয়বার একে অপরের মুখোমুখি হলো দু’দল। গত ১১ নভেম্বরের ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় রাজশাহী। ঢাকার দেয়া ১৩৯ রানের লক্ষ্যটা ১১ বল হাতে রেখেই টপকে যান স্যামি-সাব্বিররা।
এ ম্যাচ জিতলে রান রেটের হিসেবে খুলনা টাইটান্সকে হটিয়ে আবারো শীর্ষে উঠতে পারে ঢাকা। দু’দলের রান রেট যথাক্রমে -০.২৩৭, +১.১৭৪। ছয় ম্যাচ শেষে মাহমুদউল্লাহর খুলনার সংগ্রহ ৫ জয় ও ১ হারে ১০। দুই পয়েন্ট পিছিয়ে সাকিবরা। পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে ছয়ে রাজশাহী।
এদিকে, নিজেদের সবশেষ ম্যাচে দু’দলই হারের স্বাদ পায়। গত ১৯ নভেম্বর খুলনার কাছে ৯ রানে ঢাকা ও রাজশাহীকে ৩২ রানে হারিয়ে স্বস্তি ফেরে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে। এর আগে টানা ম্যাচে হারের বৃত্তে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ঢাকা একাদশ: মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), ম্যাট কোলস, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, সাঞ্জামুল ইসলাম, সিকুজি প্রসন্ন, সোহরাওয়ার্দী শুভ, মোহাম্মদ শহীদ।
রাজশাহী একাদশ: মুমিনুল হক, জুনাইদ সিদ্দিক, সাব্বির রহমান, ওমর আকমল (উইকেটরক্ষক), রকিবুল হাসান, সামিত প্যাটেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, আবুল হাসান, মোহাম্মদ সামি।





