ভারতের বিপক্ষে সব কটি ম্যাচই জিততে চান বাংলাদেশের 'এ' দলের অধিনায়ক মুমিনুল হক ও কোচ হিথ স্ট্রিক।
ভারত সফরে যাওয়ার আগের দিন রোববার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরপূর্ব সংবাদ সম্মেলনে কোচ হিথ স্ট্রিক সফরে দলের লক্ষ্যের বিষয়ে জানান।
স্ট্রিক বলেন, “আমরা সব ম্যাচ জয়ের চেষ্টা করব। সেটাই আমাদের লক্ষ্য। কোনো দলই হারতে পছন্দ করে না। আমরা ব্যতিক্রম নই।”
তিনি আরো বলেন, “জয়ের চেয়ে মধুর অনুভূতি আর নেই। বিশেষ করে, ভারতের মতো বড় দেশে, যেখানে অনেক ক্রিকেট খেলা হয়, সেখানে ওদের বিপক্ষে জিততে পারা হবে দারুণ অর্জন। সেই সুযোগটা আমরা নিতে চাই।”
কোচের সঙ্গে তাল মিলিয়ে অধিনায়ক মুমিনুল হক বলেন, “আমরা চাই সব ম্যাচ জিততে। কোচ চাইছেন, আমরা সবাই চাইছি। জাতীয় দলে আমরা চারটি সিরিজ জিতেছি। এখানেও সবাই জয়ই প্রত্যাশা করছে।”
ভারত সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবেন মুমিনুলরা।
জেডআই





