গত সপ্তাহে লেভান্তের বিপক্ষে প্রথম লেগে জয় এসেছিল ৪-১ গোলে। গত রাতে দ্বিতীয় লেগের খেলায় বার্সেলোনার জয়টা এলো ৫-১ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে লেভান্তেকে ৯-২ গোলে হারিয়ে কোপা ডেল রের সেমিফাইনালে উঠে গেল স্প্যানিশ জায়ান্টরা।
ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের নয় মিনিট যেতে না যেতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। সেটা লেভান্তের কোনো খেলোয়াড়ের নৈপুণ্যের সুবাদে নয়, বার্সা মিডফিল্ডার সার্জিও রবার্তোর আত্মঘাতী গোলে। শুরুর এই ধাক্কা অবশ্য বার্সার খেলায় এতটুকু নেতিবাচক প্রভাব ফেলেনি। ২৮ মিনিটে আদ্রিয়ানো ও ৪৪ মিনিটে কার্লোস পুয়োলের গোলের সুবাদে ২-১-এ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কাতালান ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই পর পর দুটি গোলে করে (৫০ ও ৫২ মিনিট) স্কোরলাইন ৪-১ করে ফেলেন অ্যালেক্সিজ সানচেজ। ৬৮ মিনিটে বার্সার ও ম্যাচের শেষ গোলটি করেন সেস ফ্যাব্রিগাস।
এ ম্যাচে মূল একাদশে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে রাখেননি বার্সা কোচ জেরার্ডো মার্টিনো। আর্জেন্টাইন জাদুকরকে তিনি রেখেছিলেন বদলি খেলোয়াড়ের তালিকায়। শেষ পর্যন্ত অবশ্য কারও বদলি হিসেবে মাঠে নামা হয়নি মেসির।
ঢাকা,৩০জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেইউ//জেডআই