জাতীয় দলের সতীর্থ সার্জিও বাসকেটকে থাপড়ানোর কথা বললেন স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। বিষয়টি হালকা করে নেয়ার মতো নয়। সত্যিই ক্ষেপেছেন রিয়াল মাদ্রিদ তারকা। কারণটাও বেশ গুরুতর। রিয়াল ডিফেন্ডার পেপেকে পা দিয়ে সজোরে আঘাত করেছেন বার্সা মিডফিল্ডার বাসকেট। সেই জন্য ক্ষেপে এই হুঙ্কার ছাড়লেন ২০১০ সালের বিশ্বকাপ জয়ী এই তারকা।
অবশ্য ঘটনাটা নতুন নয়। ঘটেছে গত মাসেই। এল ক্লাসিকোতে রিয়াল-বার্সার লড়াইয়ে দিনে পেপেকে আঘাতা করেন বাসকেট। অবশ্য সে সময় বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। আঘাতের বিষয়টি অস্বীকার করেন বাসকেট। আর সেই ম্যাচে খেলার সৌভাগ্য হয়নি ক্যাসিয়াসের। কারণ চলতি মৌসুমে শুধু কোপা ডেল রেতে ও চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হয়েছে তার। লা লিগায় ডিয়াগো লোপেজকে বেছে নিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি।
এল ক্লাসিকোর সেই ঘটনাটির কথা সামনে নিয়ে আসলেন পর্তুগীজ তারকা পেপেই। বাসকেটকে 'মিথ্যাবাদী' হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। সত্য ঘটনাটি জেনে ক্ষেপেছেন ক্যাসিয়াস বলেছেন, 'সব দিক থেকেই পেপের সমর্থন আছে। আমি আর কিছুই বিস্তারিত বলতে চাই না। এখন ঠান্ডার থাকার সময় না। আমার দৃষ্টিতে বাসকেট খুবই খারাপ আচরণ করেছে। আমি যখন তাকে পাব, তখন থাপড়াব।'
৩২ বছর বয়সী এই তারকা এখন দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না। এতে আফসোস না করে বলেছেন, 'কে খেলবে আর খেলবে না, এটা বস (কোচ) ঠিক করবেন। আপনি কি, তা আপনার প্রামণ করতে হবে।'
ক্যাসিয়াসের যোগ্য উত্তরসুরি ডিয়াগো লোপেজের প্রশংসা করতেও ভুল করেননি তিনি। বলেছেন, 'লোপেজ সমর্থন পাওয়ার যোগ্য। তিনি একটি প্রতিযোগিতা শুরু করেছেন এবং এটা শেষ করা উচিত। আমি অনুশীলন করি ও প্রতিযোগিতা করি। এটা আমার জন্য ভালো, দলের জন্যও ভালো।'
জাতীয় দলেও ক্যাসিয়াসের জায়গাটি লোপেজ দখল করে নিচ্ছেন। সেখানে লোপেজের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিক্টর ভালদেস। কিন্তু বার্সা গোলরক্ষক ইনজুরিতে পড়ায় কোচ ভিনসেন্ট ডেল বস্কোর সামনে লোপেজই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয় ক্যাসিয়াস বলেছেন, 'অবশ্যই জাতীয় দলের জন্যও লোপেজ যথেষ্ট।'