দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পর্দা উঠছে আজ রোববার। ইতোমধ্যে শিল্পীদের রং তুলির শেষ আঁচড়ে সাজিয়ে গুছিয়ে ফেলা হয়েছে স্টেডিয়ামটি। এবার সত্যিই পূরণ হতে চলেছে সাগর পাড়ের ক্রীড়ামোদি অগণিত মানুষগুলোর স্বপ্ন।
স্বপ্নের ক্রিকেট স্টেডিয়ামের আজ শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানের জনসভায় জনতার উদ্দেশে ভাষণও দেবেন তিনি।
এদিকে স্টেডিয়ামটি একদম নতুন হওয়ায় আগামী মার্চ মাসে শুরু হতে যাওয়া টি-২০ প্রমীলা বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের সব খেলা এখানে অনুষ্ঠিত না হলেও বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৭/৮টি টেস্ট ম্যাচ এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি স্থায়ী ক্রিকেট ভেন্যুর মর্যাদা পাওয়ায় সাগরপাড়ের সৌন্দর্যময় কক্সবাজারই হয়ে উঠবে আন্তর্জাতিক ক্রিকেটের তীর্থভূমি। বিশ্ববাসী কক্সবাজারকে নিয়মিত দেখবে টিভি’র পর্দায়।
সংশ্লিষ্ট সূত্রমতে, ২০১৩ সালের ১৮ এপ্রিল পর্যটনের এই জমিতে অস্থায়ী ক্রিকেট তৈরির অনুমোদন পাওয়ার পর ১৯ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটর মোহাম্মদ জাহিদ রেজা বাবুর নেতৃত্বে বিসিবির একটি দল কক্সবাজারে এসে জমি বুঝে নিয়ে ‘ক্রিকেট স্টেডিয়াম’ নির্মাণ কাজ শুরু করেন। পর্যটন শহর কক্সবাজারের পর্যটন হোটেল শৈবাল সংলগ্ন গলফ কোর্সের ৫৫.৬৬ একর জমিতে ১৫ হাজার দর্শকের ধারণ ক্ষমতা নিয়ে দেশের অন্য ৩টি ভেন্যুর পাশাপাশি ভেন্যুটি গড়ে তোলা হয়েছে। ভেন্যু তৈরির কাজ পুরোপুরি তত্বাবধান করে বিসিবি।
২০১৪ সালের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত স্বাগতিক বাংলাদেশসহ ১৬টি দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা হওয়ার কথা রয়েছে বাংলাদেশে। তারই পাশাপাশি টি-টুয়েন্টি প্রমীলা বিশ্বকাপ ক্রিকেটের খেলাও হবে বাংলাদেশেই। স্বাগতিক বাংলাদেশসহ অন্তত ৮টি দেশের প্রমীলা ক্রিকেট দল এই টুর্নামেন্টে খেলবে। ইতোমধ্যে এ মাঠে বাংলাদেশ-ভারতের মধ্যপ্রদেশের ম্যধকার ৩ দিনের অনুর্ধ-১৬ ক্রিকেট ম্যাচও সম্পন্ন হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সরেজমিনে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ এবং মূল মাঠ দেখতে আসেন বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তার নেতৃত্বে প্রতিনিধিদল স্টেডিয়ামের মূল মাঠ, পিচ, গ্যালারি, প্রেস বক্স পরিদর্শন করেন এবং কাজ দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে নব-নির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি উদ্বোধন করবেন। কক্সবাজারবাসী হতাশ হবার কিছুই নেই। কক্সবাজারে নবনির্মিত স্টেডিয়ামে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের ম্যাচগুলো হবে না। তবে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ৪ মার্চ পাকিস্তান মহিলা টিম আসবে তাদের সাথে ৫ টি এবং ৯ মার্চ আসবে ভারত মহিলা টিম আসবে তাদের সাথে ৩টি প্রস্তুতি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে মহিলা বিশ্বকাপের কক্সবাজার স্টেডিয়াম পুরোপুরিই তৈরি। পরবর্তী এ স্টেডিয়ামেই আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, কক্সবাজার স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। স্টেডিয়ামের খালি জায়গাগুলোতে একাডেমিক ভবন, হোটেল, জিমনেশিয়াম এবং সুইমিং জোনও করা হবে।
কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কক্সবাজারবাসীর প্রাণের দাবি ছিল। বর্তমান সরকার সেই দাবিটি পূরণ করছে। এর মাধ্যমে কক্সবাজার সমুদ্রসৈকতের কথা আরও ছড়িয়ে পড়বে বিশ্বে। ফলে পর্যটক বেড়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এদিকে স্টেডিয়ামটি উদ্বোধনের পরই পর্যটন শহর কক্সবাজারের চেহারা পাল্টে যাবে বলে মনে করছেন স্থানীয় ও পর্যটন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ছাড়া বিদ্যুৎ প্রশিক্ষণ কেন্দ্র ও মহেশখালীর বেড়িবাঁধসহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে তার এই সফরে। তার সফর কক্সবাজারের জন্য খুবই গুরুত্ববহ।
পুলিশ সুপার মোঃ আজাদ মিয়া জানান, সরকার প্রধানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে ৫ স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সব মিলিয়ে ব্যাপকভাবে চলছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চূড়ান্ত প্রস্তুতি।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বড় ছেলে, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ভাই শেখ কামালের নামে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করা হয়। গত ৩ সেপ্টেম্বর উখিয়ায় জনসভা মঞ্চে অন্য ৩৬টি উন্নয়ন প্রকল্পের সাথে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’টিরও ফলক উম্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসাবে এটি হবে বাংলাদেশের ৮ম ক্রিকেট ভেন্যু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রায় ২০ কোটি টাকা ব্যয় করে এ স্টেডিয়াম নির্মাণ করেছে।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
খেলা
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন আজ
দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পর্দা উঠছে আজ রোববার। ইতোমধ্যে শিল্পীদের রং তুলির শেষ আঁচড়ে সাজিয়ে গুছিয়ে ফেলা হয়েছে স্টেডিয়ামটি। এবার সত্যিই পূরণ হতে চলেছে সাগর পাড়ের ক্রীড়ামোদি অগণিত মানুষগুলোর স্বপ্ন





