বিশ্বকাপে আর্জেন্টিনার হেরে যাওয়ার জের ধরে দেশটিতে সংঘর্ষ হয়েছে। ফাইনালে জার্মানির কাছে পরাজয়ের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ পুলিশসহ আহত হয়েছেন অনেকে।
রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬০ জনকে আটক করেছে পুলিশ।
রাজধানী বুয়েন্স আয়ার্সে রাতে বড় পর্দায় জার্মানি ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচটি সরাসরি দেখার আয়োজন করা হয়েছিল। দেশটির হাজার হাজার আর্জেন্টাইন পরিবার নিয়ে সেখানে খেলা দেখতে এসেছিলেন।
খেলা শেষে আর্জেন্টিনার পরাজয়ে হঠাৎ এক দল যুবক ক্ষুদ্ধ হয়ে মিছিল বের করে। এ সময় তারা আশপাশের দোকানগুলোতে ইট-পাথর ছুঁড়ে মারে এবং ভেতরে ভাঙচুর চালায়। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দেয়। এতে যুবকদের সাথে তাদের সংঘর্ষ বাধে। পরে দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। এদের মধ্যে ২০ পুলিশ অফিসার রয়েছে।
এর আগে ওবেলিস্কে অবশ্য ছিল ভিন্ন চিত্র। সব বয়সের হাজার হাজার ভক্ত আতশবাজি নিয়ে এখানে হাজির হয়েছিলেন। তাদের ‘ আর্জেন্টিনা! আর্জেন্টিনা! আর্জেন্টিনা!’ স্লোগানে আকাশ বাতাস ছিল প্রকম্পিত।
ঘটনার সময় খেলা দেখতে আসা অনেক বাবা-মাকে তাদের আতঙ্কিত শিশুদের নিয়ে ছুটাছুটি করতে দেখা যায়।
উল্লেখ্য, এরআগে ১৯৮৬ সালের দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। এরপর ১৯৯০ সালেও তিনি তার দেশকে ফাইনালে নিয়ে যান। সেবার ফাইনালে প্রতিদ্বন্দ্বী ছিল জার্মানি।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





