দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দলের হাই কমান্ড ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিল নগর কমিটির বর্তমান নেতারা। হঠাৎ করে অভ্যন্তরীণ কোন্দল, স্বজনপ্রীতি, গ্রুপিং, ও পদ-পদবি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন নেতাকর্মীরা। এ কারণে আবারও স্থবির হয়ে পড়েছে কমিটির কার্যক্রম। ৫ জানুয়ারী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ঢাকা মহানগর কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেয় শাসক দল। আর তখন থেকেই শুরু হয় ঢাকা মহানগর নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল। চলতি বছরের ২০শে জানুয়ারি মহানগর কমিটি গঠন নিয়ে দলের গ্রুপিং ও দ্বন্দ্বের বিষয়টি পুরোপুরি স্পষ্ট হয়ে উঠেছে। বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সম্মেলনের তারিখ ঠিক করা সহ নানা কারণে নেতাকর্মীদের মধ্যে তুমুল হট্টগোল, বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই বৈঠকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতা কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মহানগর আওয়ামীলীগে কোন গ্রুপিং চলবেনা। যারা সম্মেলনের তারিখ নির্ধারণ করতে পারবেননা, তাদের মহানগরের পক্ষ থেকে তারিখ নির্ধারণ করে দেয়া হবে। ২৮শে ফেব্রুয়ারির মধ্যেই সকল কমিটি গঠন করা হবে। এরপর আর সময় দেয়া হবেনা। কিন্তু তার এ বক্তব্য কোন কাজে আসেনি। খোঁজ নিয়ে জানা গেছে কেন্দ্রীয় হাইকমান্ডের অবহেলা, মহানগরের নেতাদের থানা, ওয়ার্ড ও ইউনিয়নের কমিটি গঠন নিয়ে গ্রুপিং, পারস্পরিক অবিশ্বাস, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও মহানগরের কয়েক নেতার অন্তদ্বর্ন্দ্বের কারণে কমিটি গঠনের অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ হয়নি। এখনও রামপুরা, ডেমরা ও শ্যামপুর থানার সম্মেলন বাকি রয়েছে। বাকি থানার সম্মেলন কখন হবে তা এখনও ঠিক করতে পারেনি ঢাকা মহানগর আওয়ামী লীগ। তাই কমিটি ঘোষণার তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে। সর্বশেষ কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশে গত ২ মাস ধরে মেয়াদোত্তীর্ণ ৪৯টি থানা, ১০৩টি ওয়ার্ড ১৭টি ইউনিয়ন কমিটির সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া চলছে। ত্যাগী ও পরিশ্রমী নেতা কর্মীদের বাদদিয়ে নেতাদের ঘনিষ্ঠজন কিংবা আত্মীয়দের থানা ও ওয়ার্ড কমিটিতে অন্তর্ভুক্তির তৎপরতায় ক্ষুব্ধ ও হতাশ মহানগরের তৃণমূল নেতাকর্মীরা। নতুন নেতৃত্ব গঠন নিয়ে সবর হয়ে উঠেছেন পুরনো কমিটির নিষ্ক্রিয় নেতাকর্মীরা। তারা তাদের পছন্দের নেতাকর্মীদের পদ-পদবি দেয়ার জন্য ইতোমধ্যে কলকাঠি নাড়ছেন বলে একটি সূত্রে জানা গেছে। আর এ সকল কারণেই অনিশ্চিত হয়ে পড়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা। এর আগে দীর্ঘ ৯ বছর পর ২০১২ সালের ২৭শে ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলন থেকে ঘোষণা করা হয়েছিল খুব দ্রুত ঘোষণা করা হবে নগর আওয়ামী লীগ কমিটি। এরপর ১ বছরের বেশি সময় পার হয়ে গেলেও আজ পর্যন্ত গঠন করা হয়নি নতুন কমিটি। ২০০৩ সালের জুন মাসে সম্মেলন হয়েছিল ঢাকা মহানগর আওয়ামী লীগের। সম্মেলনের পর ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো: হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে (বীর বিক্রম) সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য কমিটি গঠন করে দেয় আওয়ামী লীগ। মেয়র মো: হানিফ মারা যাবার পর দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব পান এম এ আজিজ। আর সেই কমিটি দিয়ে এখনও চলছে ক্ষমতাশীনদের এ গুরুত্বপূর্ণ শাখাটি। দলের গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পরপর সম্মেলন হওয়ার কথা। অথচ ২০০৩ সালের পর একটি সম্মেলন করতেই লেগেছে ১০ বছর। ২০১২ সালের ২৭ শে ডিসেম্বরের এ সম্মেলনে থানা- ওয়ার্ড সম্মেলন না করেই ঢাকা মহানগর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর কমিটি ঘোষণার দ্বায়িত্ব ছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর। তবে সম্মেলনের দিন কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত বিদ্যামান কমিটি দ্বায়িত্ব পালন করে যাবে বলে ঘোষণা দেয়া হয়। সে হিসেবেই ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এখনও দ্বায়িত্ব পালন করে যাচ্ছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া টাইমনিউজবিডিকে বলেন, কমিটি গঠনে আমাদের কার্যক্রম চলছে। এখনও কিছু স্থানে সম্মেলন বাকি রয়েছে। শেষ হলে কমিটি ঘোষনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে কবে নাগাদ কমিটি ঘোষণা তা এখনি বলা যাচ্ছেনা। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ টাইমনিউজবিডিকে বলেন, আমাদের ৩টি থানার সম্মেলন এখনও বাকি রয়েছে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে আমাদের কার্যক্রম শেষ হবে। এরপর দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী কমিটি ঘোষণা করা হবে। [b]ঢাকা, ইআর, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
টাইম ফোকাস
শিগগিরই হচ্ছে না ঢাকা মহানগর আওয়ামী লীগ কমিটি
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দলের হাই কমান্ড ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিল নগর কমিটির বর্তমান নেতারা





