ফিলিপিন্সের একটি গ্রামে ডেঙ্গু বিরোধী ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ২০০টি মশার বিনিময়ে এক কেজি চাল দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
দেশটির বাতান প্রদেশের মারিভেলেস পৌরসভার বারানগায় আলিয়োন গ্রামে সোমবার এই ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে ফিলিপাইন নিউজ এজেন্সি।
এই গ্রামের প্রধান মারসিয়ালিতো ‘‘আল’’ বালান কর্মসূচিটির নামা দিয়েছেন দালাওয়াং-দাং লামোক কাপালিত ইসাং কিলোং বিগাস (২০০টি মশার জন্য এক কেজি চাল)।
তিনি জানান, এই কর্মসূচি তাদের পরিচালিত ডেঙ্গুবাহী মশার প্রজনন কেন্দ্র খুঁজতে এবং ধ্বংস করতে সহায়তা করবে। তবে কী পরিমাণ ডেঙ্গুবাহী মশা ধরা পড়বে সেই বিষয়ে সন্দিহান তিনি।
বালান বলেন, আমাদের কাছে প্রথমত গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। এরপর মশা ধরা। তবে এই কর্মসূচির ফলে মশার সংখ্যা কমবে বলে আশা করি।
তিনি জানান, রান্নায় ব্যবহৃত তেল থালা বা গামলায় নিয়ে ডানে ও বামে ঘুরিয়ে সহজেই মশা ধরা যায়। কেউ বারানগায় হলে ২০০ মশা আনলে পুরস্কার হিসেবে এক কেজি চাল পাবে।
মারিলিন পডল নামের একজন নারী প্রথম ২০০টি মশা জমা দিয়ে পুরস্কার হিসেবে এক কেজি চাল পেয়েছেন। নিঃশেষ না হওয়া পর্যন্ত মশা ধরা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।
গ্রামটিতে পাঁচ হাজার জনের বেশি মানুষ বসবাস করে। এ পর্যন্ত মাত্র একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানান গ্রামপ্রধান বালান।
জেড





