তথ্য প্রযুক্তির এ যুগে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে হালনাগাদ কোন তথ্য নেই। জাতীয় সংসদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সম্পন্নকারী দেশের এ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপডেট (হালনাগাদ) তথ্য থাকার কথা থাকলেও তা নেই।
জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন, উপজেলা , পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন নির্বাচন পরিচালনা করে । এ ছাড়া সংরক্ষিত (মহিলা) সংসদ নির্বাচন, সংসদ সদ্যদের মৃত্যুর পর ঐ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের উপনির্বাচনও সম্পন্ন করে নির্বাচন কমিশন।
এ ছাড়া ভোটার তালিকা হালনাগাদ, ভোটার স্থানান্তর, জাতীয় পরিচয়পত্র, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ করতে হয় নির্বাচন কমিশনের। কিন্তু ওয়েবসাইটে দশম সংসদ নির্বাচনে বিজয়ী ৩০০ জন সংসদ সদস্যের নাম ঠিকানাসহ সম্পূর্ণ কোন তথ্য নেই। তাছাড়া সংরক্ষিত ৫০ (মহিলা ) সদস্যের হালনাগাদ কোন তথ্য নেই।
সম্প্রতি দেশের ৪৫৯টি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), মহিলা ভাইস চেয়ারম্যান কারা নির্বাচিত হয়েছে তারও কোন তথ্য নেই। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন তাও ওয়েবসাইটে উল্লেখ নেই।
এদিকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন কবে হবে সে সম্পর্কে কোন হালনাগাদ তথ্য ইসির ওয়েবসাইটে নেই। এ ছাড়া অনেক পৌরসভার মেয়র ও কাউন্সিলরের মৃত্যুর ফলে পদ শূন্য হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এ সংক্রান্ত কোন আপডেট তথ্য ওয়েবসাইটে নেই। এ ছাড়া ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও একই অবস্থা।
কবে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং ভোটার তালিকা হালনাগাদের সর্বশেষ তথ্য ইসির ওয়েবসাইটে দেয়া নেই। এ ছাড়া কোথায় গিয়ে কিভাবে ভোটার তালিকা থেকে কিভাবে নাম স্থানান্তর করবে তাও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া নেই।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা ইকবাল হাসান জানান, সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন সসম্পর্কে জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তিনি কোন তথ্য পাননি। একজন সচেতন নাগরিক হিসেবেই তিনি এসব তথ্য জানতে চান। কিন্তু ওয়েবসাইটে না পেয়ে বাধ্য হয়ে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে এসেছেন।
তথ্য প্রযুক্তির এ যুগে নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য না থাকায় বিস্ময় প্রকাশ করেন ইকবাল হাসান।
ওয়েবসাইটে হালনাগাদ তথ্য নেই কেন এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে এ আমাদের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য দেওয়া যাচ্ছে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নির্বাচন কমিশন একটি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে 'সুশাসনের জন্য নাগরিক' (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন,"নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সম্পন্ন করে। তাই এ সংক্রান্ত যত তথ্য রয়েছে তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপডেট করা প্রয়োজন। দ্রুত তথ্য আপডেট করতে না পারলে এ প্রতিষ্ঠানটি (নির্বাচন কমিশন) আরো সমালোচনার মুখে পড়বে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।"
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আব্দুল মোবারক বলেন,"জনবল সংকটের কারণে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপডেট তথ্য দিতে বিলম্ব হয়। এ বিষয়টি দেখাশোনার জন্য বেশ কয়েকজন লোক ইতিমধ্যে নিয়োগ দেয়া হয়েছে। আশা করি চলতি মাসের মধ্যে সবকিছুর আপডেট তথ্য পাওয়া যাবে।"
[b]ঢাকা, এএম, ০৩ মে (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
টাইম ফোকাস
ইসি'র ওয়েবসাইটে আপডেট কিছু নেই
তথ্য প্রযুক্তির এ যুগে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে হালনাগাদ কোন তথ্য নেই। জাতীয় সংসদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সম্পন্নকারী দেশের এ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপডেট (হালনাগাদ) তথ্য থাকার কথা থাকলেও তা নেই।





