পাকিস্তানের ছাড়া জলে ভারতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। টানা বৃষ্টি চলছে পাঞ্জাব বরাবর ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলোতে। তারওপর পানি ছাড়ছে পাকিস্তান। শুধু তাই নয়, সেই পানি মিশছে চামড়ার কারখানার দূষণ।

ফলে পাঞ্জাবের গ্রামগুলোতে পানিবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে পাকিস্তান ট্যানারির বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি ছাড়ছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

সোমবার (২৬ আগস্ট) প্রকাশিত খবরে বলা হয়েছে, পাঞ্জাব সীমান্ত এলাকায় পাকিস্তানের বেশ কয়েকটি চামড়ার কারখানা (ট্যানারি) রয়েছে। বন্যার ফলে সেখানে পানি বৃদ্ধি পেয়েছে। সেই পানিতে ট্যানারির বিষ মিশে নেমে আসছে ভারতের দিকে।

ইন্ডিয়া টাইমসের বরাত দিয়ে কলকাতা২৪ এর খবরে বলা হয়েছে, পাকিস্তানের ছাড়া পানিতে পাঞ্জাব বরাবর ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা হচ্ছে। সেই পানিতে এবার ট্যানারির বর্জে্যর বিষ মিশে যাওয়ায় ভয়াবহ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

পরিস্থিতি খারাপ বুঝতে পেরে দ্রুত বৈঠক ডেকেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷

একই পরিস্থিতি রাজস্থানেও। গত ২৪ ঘণ্টায় ২ থেকে ৭ সে.মি. বৃষ্টি হয়েছে। শনিবার থেকে লাগাতার বৃষ্টি চলছে অসনাওয়ার, অত্রু, সাঙ্গদ, বারান, অসপুরে।

ত্রাণের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। তৈরি রয়েছে স্বাস্থ্য দফতর। দ্রুত গতিতে শুরু হয়েছে ত্রাণ বিলি বলে খবর। ভেঙে পড়ার বাঁধের একাংশ বালির বস্তা দিয়ে মেরামতি শুরু করা হলেও, পানির তোড়ে তা ভেসে যাচ্ছে। তবে চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

রোববার স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাকিস্তান পানি ছাড়া বন্ধ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে। ইতিমধ্যেই দুর্গতদের উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকে নামানো হয়েছে৷ নামানো হয়েছে সেনাবাহিনীও।

এএস