'দৃষ্টি সবার অধিকার' সুস্থ চোখে সুন্দর এই পৃথিবীকে সারাজীবন দেখে যেতে কার না সাধ জাগে? পৃথিবীর বেশীর ভাগ কবিরাই চোখকে তাদের কাব্যের অলংকার বানিয়েছেন, সুরকার খুঁজে পেয়েছেন চোখের মাঝে তাদের ছন্দ।

দৃষ্টির অনুভূতি তৈরীর জন্যে তিনটি বিষয় গুরুত্ব বহন করে, আলো, চোখ এবং মস্তিষ্ক। আলো চোখের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে চোখের সমস্যা হলে আলো চলাচল বাধাগ্রস্থ হয় বলে দৃষ্টিস্বল্পতা তৈরী হয়। তাই অসুস্থ চোখ মস্তিষ্কের সাথে স্বাভাবিক যোগাযোগ রাখতে পারেনা বলে দৃষ্টি স্বল্পতা তৈরী হয়। সুতরাং স্বাভাবিক দৃষ্টির জন্য প্রয়োজন সুস্থ চোখ।

রোগাক্রান্ত চোখ তাই জীবনকে করে তোলে বিভীষিকাময়। উন্নয়নশীল দেশগুলোসহ প্রত্যেক দেশের দৃষ্টিহীনদের সমস্যা সমাধানে ২০২০ সালের মধ্যে অন্ধত্ব প্রতিরোধ এবং প্রতিকারের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এর সমন্বয়ে বড় ধরনের পদক্ষেপ নেয়া হয়, যার নাম 'ভিশন-২০২০'।

অন্ধত্ব নিবারণে গণসচেতনতা সৃষ্টি করা, সম্পদ সংগ্রহ করা, ছানি রোগ ছাড়াও দৃষ্টি স্বল্পতা বা লো-ভিশন, গ্লুকোমা, রেটিনার রোগ এবং শিশু অন্ধত্ব এবং বিভিন্ন দেশের সরকারের সাথে মিলে জাতীয় অন্ধ নিবারণ কর্মসূচি গড়ে তোলাই এ সংস্থার কাজ।

মো. আলমগীর। পরনে পাঞ্জাবী আর হাতে সাদাছড়ি। নামাজের পরেই মসজিদের সামনে দাড়ালেন। প্রায় ৩০ মিনিট এভাবে তার আবেদন নিয়ে সাধারণের সামনে দাড়ানোর পরে তার সাথে কথা বলার সুযোগ হয়।

তার পিতা নেই, মা আছেন। চার ভাই তিন বোনের মধ্যে আলমগীর সবার ছোট। পিতা স্থানীয় এবতেদায়ি মাদ্রসার শিক্ষক ছিলেন। পিতার মৃত্যুর পরেই তাদের পরিবারে নেমে আসে অন্ধারের ছায়া। তাই এক প্রকার বাধ্য হয়েই ২০০৮ সাল থেকে পথে নামতে বাধ্য হয়েছেন তিনি।

অন্ধ হওয়ার কারণ জানতে চাইলে আলমগীর জানান, ১৩ বছরে তার আমাশয় হয়েছিল। কোন বিষেজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা নেয়ার সুযোগ হয়নি। স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন।

দীর্ঘ চিকিৎসার পর আমাশয় থেকে মুক্তি মিলেছে আলমগীরের কিন্তু চিরদিনের জন্য হারিয়েছেন প্রিয় চোখ দু’টি। প্রথম দিকে একটু একটু দেখতে পেলেও এখন আর দেখেন না। সাধারণ কর্মজীবী পিতার পক্ষে আমাশার চিকিৎসার পর চোখের উন্নত সিকিৎসার সুযোগ আর হয়নি।

বিশ্ব সাদাছড়ি দিবস সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবার ও দিবসটি পালিত হবে, কিন্তু তাতে আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়না।

আলমগীর আরো জানান, খলিল একজন ভাল লোক ছিল, কিন্তু তাকে হত্যার শিকার হতে হল। সে চেয়েছিল ঢাকার কামরাঙ্গীর চরে অন্ধ সংস্থার নামে যে জমি ছিল তাতে অন্ধদের পুর্ণবাসনের জন্য একটি আবাসিক এলাকা করতে। পরে শুনেছি খলিলকে হত্যার পর সে জমি বিক্রি করে ফেলা হয়েছে। এখন সাভারের অন্ধ মার্কেটও নাকি একটি পক্ষ বিক্রি করার চেস্টা করছে।

আলমগীর আক্ষেপ করে বলেন, সাভারের সুপার মার্কেটসহ আরো যে সকল সম্পদ সরকারি ও বেসরকারি ভাবে আমাদের অন্ধ সংস্থার নামে দিয়েছে তা যদি সটিকভাবে ব্যবহার করা হয়, তাহলে কোন অন্ধকে অবহেলিত অবস্থায় থাকতে হবে না।

তার ভবিষৎ স্বপ্ন কি জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমি আমার দুই সন্তানকে প্রতিষ্ঠিত করতে চাই। আর অন্ধদের নিয়ে কাজ করতে চাই। তার প্রথম ছেলে প্রথম শ্রেণীতে এবং কন্যা শিশুটি ছোট বলে জানান। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ২০১৪ সাল পর্যন্ত আনুমনিক ২৮৫ লক্ষ মানুষ দৃষ্টিপ্রতিবন্ধি। বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ অসংশোধিত প্রতিসারক ত্রুটি (৪৩%) ও ছানি (৩৩%)। বেশিরভাগ অন্ধত্ব (আনুমানিক ৮০%) এড়িয়ে চলা সম্ভব (আরোগ্যযোগ্য বা প্রতিরোধযোগ্য)।

আর বিশ্বে সেটা ১৮ কোটি । তবে জরুরী ভিত্তিতে এ ব্যাপারে কোন উদ্যোগ না নিলে ২০২০ সালের মধ্যে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। কারণ বর্তমানে প্রতি ৫ সেকেন্ডে একজন মানুষ এবং প্রতি এক মিনিটে একটি শিশু অন্ধ হয়ে পড়ছে। উপযুক্ত সহযোগিতা পেলে অনেক চক্ষুষ্মান ব্যক্তির চেয়েও অন্ধরা ভাল কিছু করতে পারবে, ইতিহাস সে কথাই বলে।

কীভাবে আপনি আপনার চোখের সুস্থতা বজায় রাখবেন:

ভালো দৃষ্টির জন্য সঠিক আহার গ্রহণ করুন; সবুজ পাতাযুক্ত সবজি, ডিম, মটর শুঁটি, গাজর খাবেন; ধূমপান এড়িয়ে চলুন, ধূমপানে ছানি, অপটিক নার্ভের ক্ষতিসহ আপনার চোখের নানাবিধ ক্ষতি হতে পারে; ইউভি (অতি বেগুনী রশ্মি) প্রতিরোধী সানগ্লাসের ব্যবহার আপনার চোখের সুরক্ষা দিতে পারে;

নিরাপত্তার গ্লাস, ক্ষতিকর উপাদান নিয়ে কাজ করা আপনার পেশা হলে নিরাপত্তা গ্লাস ব্যবহার করুন; একঘেয়েমি ভাঙ্গুন, অনেক্ষণ একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করলে চোখকে বিশ্রাম দিতে মাঝে মাঝে বিরতি নিন; কম্পিউটারে কাজ করার সময় এন্টিগ্লেয়ার চশমা পরে কাজ করুন;

মৃদু আলোয় পড়বেন না; চোখের সুস্থতার জন্য নিয়মিত চোখ পরীক্ষা করান; আলো ও জানালা থেকে আপনার কম্পিউটারের গ্লেয়ার দুরে রাখুন, প্রয়োজনে এন্টিগ্লেয়ার ব্যবহার করুন; আপনি কন্টাক্ট লেন্স ব্যবহার করলে তা দীর্ঘ সময় পরে থাকবেন না।

কন্টাক্ট লেন্স পরে থাকলে সাঁতার কাটা ও ঘুমোনো এড়িয়ে চলুন; চোখ সবসময় পরিষ্কার রাখুন। সকালে ঘুম থেকে উঠার পর চোখ ভাল করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলন।

মাঝে মাঝে অল্প কেতর জমলে তা পরিষ্কার টিস্যু বা কাপড় (সুতি) দিয়ে পরিষ্কার করতে হবে; ঘুম হতে জাগার সময় আস্তে আস্তে চোখ খুলতে হবে।

শরীরের সুস্থতার জন্য যেমন ভিটামিন আবশ্যক তেমনি, চোখের সুস্থতার জন্য ভিটামিন ‘এ’ এর প্রয়োজনীয়তা অপরিসীম। ভিটামিন ‘এ’ এর অভাবে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, এমনকি দৃষ্টিহীনও হয়ে যেতে পারেন। পাকা ফল, সবজি এবং ছোট মাছ ইত্যাদি খাবারে অভ্যস্থ হলে শরীরে ভিটামিন ‘এ’ এর অভাব পূরন করা সম্ভব।

আর আপনার চোখের প্রাথমিকভাবে কোন সমস্যা মনে হলেই বিষেজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

আজ ১৫(অক্টোবর) বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা বিদস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ন্যাশনাল সোসাইটি অব দ্য ব্লাইন্ড অ্যান্ড পারশিয়ালি সাইটেড।

এমকে