তাই চিকিৎসা বিজ্ঞান বলে, সাপে কাটলে রোগীকে কালবিলম্ব না করে দ্রুত হাসপাতাল নিয়ে যেতে হবে এবং সাপের বিষের প্রতিষেধক বা এন্টিভেনম দিতে হবে। এতেই রোগী সুস্থ হয়ে উঠতে পারে, বাঁচতে পারে জীবন।

বাংলাদেশ সাধারণত এন্টিভেনম ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করে। তবে দেশেই এই প্রতিষেধক তৈরির কাজ এবং এ নিয়ে গবেষণা চলছে বহুদিন ধরে। কিন্তু কতদূর সেই কাজ?

বিবিসি বাংলার খবর বলছে, রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এন্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে দুই বছর আগে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার। কিন্তু কোনো অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে রয়েছে প্রতিষ্ঠানটির সব গবেষণা কার্যক্রম।

২০২৩ সালের সরকারি তথ্যের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, প্রতি বছর সাড়ে চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয় এবং এতে সাড়ে সাত হাজারের বেশি মানুষ মারাও যায়।

বিশ্বব্যাপী সাপের কামড়কে একটি অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা অনুধাবন করে ২০১৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ‘চরম উপেক্ষিত’ সমস্যা হিসেবে তালিকাভুক্ত করেছে। তাদের হিসাবে, বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৫৪ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন, যার মধ্যে ১৮ লাখ থেকে ২৭ লাখের ক্ষেত্রে সাপের বিষ শরীরে প্রবেশ করে।

বিষক্রিয়ার জন্য দায়ী নির্দিষ্ট প্রজাতির সাপের বিষের সঙ্গে খাপ খাইয়ে তৈরি অ্যান্টিভেনম ব্যবহার করা জরুরি বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিটি সদস্য দেশকে অ্যান্টিভেনম তৈরির আহ্বানও জানায় তারা।

তারই পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ভেনম রিসার্চ সেন্টারটি প্রতিষ্ঠিত হয়। এটি দেশে এ ধরনের একমাত্র প্রতিষ্ঠান। এই সেন্টারের প্রাথমিক লক্ষ্য ছিল সাপের নমুনা ও বিষ সংগ্রহ করা। পরবর্তীতে অ্যান্টিভেনম তৈরির দীর্ঘমেয়াদী লক্ষ্যও রয়েছে।

এই সেন্টারের মুখ্য গবেষক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরূদ্ধ ঘোষ জানান, ‘ডব্লিউএইচও বলে দিল যে, সব দেশকেই চেষ্টা করতে হবে, তাদের অঞ্চলের সাপের ভেনম ব্যবহার করে যাতে অ্যান্টিভেনম তৈরি করা হয়। সেক্ষেত্রে এই অ্যান্টিভেনমটা অনেক বেশি স্পেসিফিক হবে।’

তবে ২০২৪ সালের ৩০ জুনের পর থেকে সরকার আর কোনো অর্থ অনুমোদন না দেওয়ায় তহবিলের অভাবে বর্তমানে গবেষণা কার্যক্রম প্রায় থমকে গেছে বলে জানিয়েছেন এই সেন্টারের মুখ্য গবেষক অধ্যাপক ঘোষ।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক মো. হালিমুর রশীদ জানিয়েছেন, যেসব প্রকল্প অপারেশনাল প্ল্যানের অধীনে ছিল, সেগুলোকে রেভিনিউ খাত এবং ডিপিপির আওতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

ভেনম রিসার্চ সেন্টারের অর্থায়ন আপাতত বন্ধ থাকবে। কেননা এটির অর্থায়ন কোন খাত থেকে হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান তিনি।

দেশে কখন, কেন অ্যান্টিভেনম তৈরির উদ্যোগ নেওয়া হয়?

বিষধর প্রাণীর বিষ সংগ্রহ করে তার কিছু অংশ ইনজেকশনের মাধ্যমে অন্য একটি প্রাণীতে প্রয়োগ করা হলে ওই প্রাণীর শরীরে রোগ প্রতিরোধক্ষমতা অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি পিউরিফাই বা পরিশুদ্ধ করে তৈরি হয় অ্যান্টিভেনম।

বাংলাদেশে বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পায়। দেশে সাপের কামড়ের এক-চতুর্থাংশ ঘটনায় বিষধর সাপ জড়িত বলে ২০২৩ সালে করা জাতীয় সর্পদংশন সংক্রান্ত এক জরিপে পাওয়া গেছে। রাসেলস ভাইপার, কালকেউটে, গোখরার মতো সাপের দংশনে বর্ষাকালে মানুষ মারা গেছে বলে প্রায়ই শোনা যায়। গ্রামীণ এলাকায় সাপের কামড়ের ৯৫ শতাংশ ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ মানুষ সাপের কামড়ের স্থানে গিঁট দেয়। আর চিকিৎসকের বদলে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভরতার কারণে দেশে প্রতি বছর ছয় হাজারের বেশি মানুষ মারা যায়।

সরকারি জরিপের তথ্য অনুযায়ী, সাপে কাটা রোগীদের ৮৬ শতাংশ অপচিকিৎসার শিকার হন। মাত্র তিন শতাংশ মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যান।

গবেষকরা বলছেন, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে দক্ষিণ ভারত থেকে আনা সাপের বিষের প্রতিষেধক দিয়ে সাপে কাটা রোগীর চিকিৎসা করা হয়। ওই অ্যান্টিভেনম ভারতীয় প্রজাতির সাপের বিরুদ্ধে তৈরি করা, যেটি দেশের স্থানীয় সাপের বিষ নিষ্ক্রিয় করতে বৈজ্ঞানিকভাবে যথাযথ বা পুরোপুরি কার্যকর নয়।

২০১৮ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বা ডব্লিউএইচও সাপে কাটাকে একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে অভিহিত করে এবং ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্য নিয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সদস্য দেশগুলোকে আহ্বান জানায়।

এই লক্ষ্য অর্জনে বাংলাদেশও স্বাক্ষরকারী দেশ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভেনম রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার পর থেকেই সরকারি এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদফতরের অপারেশনাল প্ল্যানের অধীনে পরিচালিত হচ্ছিল। তবে দুই বছর ধরে এই সেন্টারের অর্থায়ন বন্ধ রয়েছে।

2_20261026_124854728

চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ভেনম রিসার্চ সেন্টার

রিসার্চ সেন্টারের ফান্ডিং বন্ধ কেন?

মুখ্য গবেষক অনিরূদ্ধ ঘোষ জানান, এরইমধ্যে একটি সাপের অ্যান্টিবডি তৈরির কাজ শেষ করেছে ভেনম রিসার্চ সেন্টার। তিনি বলেন, ‘আমরা রাসেলস ভাইপারের অ্যান্টিবডি তৈরি করে ওইটার রিপোর্টসহ সরকারের কাছে জমা দিয়েছি।’

এই গবেষক জানান, গবেষণাগারের পরবর্তী লক্ষ্য ছিল, ‘নিউরোটক্সিক বাইট বা যেসব সাপের কামড়ে স্নায়ুতন্ত্র অবশ হয়ে যায়, যেমন- ক্রেইট এবং কোবরা। এই দুটি সাপের অ্যান্টিবডি উৎপাদন করা যায় কি না এবং অ্যান্টিবডিগুলো ওই সাপের বিষকে নিউট্রালাইজ করে কি না এবং কাজ করে কি না। আমাদের কাজগুলো শুধু ল্যাব পর্যন্ত। কিন্তু এই কাজ এখনো শুরু করা যায়নি।’

এর কারণ হিসেবে এই গবেষক জানান, ২০২৪ এর ৩০ জুনের পর থেকে ভেনম রিসার্চ সেন্টারে আর কোনো সরকারি ফান্ডিং নাই। স্বাস্থ্য অধিদফতরের অপারেশনাল প্ল্যানের অধীনে পরিচালিত সব প্রকল্প ২০২৪ সালে অন্তর্র্বতী সরকারের সময়ে বন্ধ করে দেওয়া হয়।

অনিরূদ্ধ ঘোষ জানান, ‘একটা সিদ্ধান্ত ছিল, আর এভাবে ওপি দিয়ে চলবে না। এটা দীর্ঘমেয়াদী প্ল্যান-পরিকল্পনায় করবে। ২০২৪ সালের পরে আর কোনো ওপি পাস না হওয়াতে আমাদের ফান্ডিং বন্ধ হয়ে গেছে।’

তবে এরই মধ্যে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল বা ডিপিপির আওতায় সরকার এসব প্রকল্প চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। কিন্তু এটি সময়সাপেক্ষ বিষয় বলেও জানান ঘোষ।

এই গবেষক বলেন, ‘এরমধ্যে সরকার আবার নতুন করে চেষ্টা করছে ডিপিপি প্রণয়ন করার। আমরা ডিপিপি করে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্ল্যানিং কমিশন এগুলো পার হয়ে ফাইনালটা আবার স্বাস্থ্য অধিদফতরে জমা দিয়েছি। সেখান থেকে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে। ওখান থেকে যদি পাস হয়, তখন এটার গভর্নমেন্ট ফান্ডিং আসবে।’

অ্যান্টিবডি তৈরির আগে সাপের ‘ভেনম ক্যারেক্টারাইজেশন’ করতে হয় বলে জানান তিনি। ঘোষ বলেন, ‘এগুলার অ্যান্টিবডি সঙ্গে সঙ্গে হয় না। আগে করতে হয় ভেনম ক্যারেক্টারাইজেশন। মানে ভেনমটাকে ভালোভাবে দেখা, বিভিন্ন কম্পোনেন্ট কী কী আছে। এগুলো করার মতো ফান্ডিংও আমাদের কাছে নেই। আমরা কোনো রকমে বেঁচে আছি গত দুই বছর ধরে।’

এদিকে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক মো. হালিমুর রশীদ জানান, সরকার অপারেশনাল প্ল্যানের অধীনে থাকা সকল প্রকল্প পরিচালন খাত এবং ডিপিপির অধীনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘ভবিষ্যত পরিকল্পনা দুইটা, একটা হলো অনেক কাজ পরিচালন বা রেভিনিউ বাজেটে চলে যাচ্ছে। আর অনেক কাজে ডিপিপি হচ্ছে, ডিপিপি তৈরি হচ্ছে। এই প্রকল্পটি ডিপিপি নাকি রেভিনিউ খাতের অধীনে যাবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি। প্রকল্প থেকে ওরা যদি ডিজির কাছে একটা চিঠি দেয়, তাহলে হয়তো ডিজি এটা আমলে নিয়ে একটা ব্যবস্থা করবে।’

ভারতীয় অ্যান্টিভেনম কেন বাংলাদেশের রোগীর দেহে কম উপযোগী?

দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির সাড়ে তিনশোর বেশি বিষধর সাপ সংগ্রহ করেছে ভেনম রিসার্চ সেন্টার। তবে অর্থায়নের অভাবে গত দুই বছর কোনো সাপ সংগ্রহ করেনি প্রতিষ্ঠানটি।

এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বিষধর ১১ প্রজাতির সাপের বিষ এই সেন্টার সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সেন্টারের ইনভেস্টিগেটর ও সুপারভাইজার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আব্দুল ওয়াহেদ চৌধুরী।

তিনি বলেন, ‘এর মধ্যে দুই প্রজাতির কোবরা, এক প্রজাতির কিং কোবরা, পাঁচ প্রজাতির ক্রেইট, এক প্রজাতির রাসেলস ভাইপার এবং দুই প্রজাতির পিট ভাইপার সাপের বিষ সংগ্রহ করা হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী, অ্যান্টি-ভেনম তৈরির প্রাথমিক ধাপে সারা দেশের বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সাপ সংগ্রহ করে লালন-পালন করে সেগুলো থেকে বিষের নমুনা সংগ্রহ করে একটি নির্দিষ্ট মান নির্ধারণ করতে হয়।

আব্দুল ওয়াহেদ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী, একটা স্ট্যান্ডার্ড লেভেলের ভেনম লাগে। রাসেলস ভাইপার বা কোবরার তুলনায় ক্রেইট সাপের বিষ সংগ্রহ করা খুবই কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

ওয়াহেদ বলেন, ‘অ্যান্টিভেনম সিনথেসিসের কাজ শুরু করতে হলে আমাদের মিনিমাম পাঁচ মিলিগ্রাম ভেনম লাগে। ক্রেইট টাইপের কিছু সাপ আছে যেগুলো থেকে পাঁচ মিলিগ্রাম ভেনম সংগ্রহ করতে হলে এক হাজার ক্রেইট যদি ছয়মাস লালন-পালন করেন, প্রতি মাসে ভেনম কালেক্ট করলে হয়তো পাঁচ মিলিগ্রাম আসতে পারে। কারণ ক্রেইট থেকে এত কম পাওয়া যায়, মানে একড্রপের মতো একটু পাওয়া যায়।’

ভেনম রিসার্চ সেন্টার প্রাথমিক লক্ষ্য অনুযায়ী, পাঁচ বছর ধরে কোয়ালিটি ও স্ট্যান্ডার্ড মানের বিষ সংগ্রহ ও সংরক্ষণের কাজ শতভাগ করা হয়েছে বলে জানান তিনি। এর পরের ধাপে অ্যান্টিভেনম তৈরির কাজ ছিল বলেও জানান তিনি।

এই সেন্টারে যেসব সাপ লালন-পালন করা হয় সেগুলোর জন্য সেখানেই একটি স্বয়ংসম্পূর্ণ ইঁদুর প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এতে প্রতি মাসে প্রায় এক লাখ টাকার মত খরচ হয় বলে জানান সেন্টারটির মুখ্য গবেষক অনিরূদ্ধ ঘোষ।

বাংলাদেশে ভারতীয় যে অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা হয় সেটি অন্য পরিবেশের রোগীর দেহে কম কাজ করে সে কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিটি দেশকে নিজস্ব অ্যান্টিভেনম তৈরির তাগিদ দিয়েছিল বলে জানান দুই গবেষকই।

ভারতে চারটি সাপের ভেনম বা বিষের সমন্বয়ে অ্যান্টিভেনম তৈরি করা হয় বলে উল্লেখ করেন অধ্যাপক মো. আব্দুল ওয়াহেদ চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা ভারত থেকে যে অ্যান্টিভেনম কিনি সেটা মূলত চারটি সাপের বিষ একসঙ্গে করে অ্যান্টিভেনম তৈরি করা হয়। চারটি সাপের মধ্যে একটি কোবরা, একটি ক্রেইট, দুইটি ভাইপারের মধ্যে একটি রাসেলস ভাইপার আরেকটি স-স্কেলড ভাইপার। এই চার প্রজাতিকে ভারত বিগ ফোর বলে অ্যান্টিভেনমটি বানিয়েছে।’

চারটির মধ্যে তিনটি সাপ বাংলাদেশে আছে, শুধু একটি সাপ স-স্কেলড ভাইপার বাংলাদেশে নেই বলে জানান এই গবেষক।

তিনি বলেন, ‘পরিবেশগত কারণে দক্ষিণ ভারতের একই প্রজাতির কোবরার সঙ্গে বাংলাদেশের সেই কোবরার ভেনমের মিল নাই। যেহেতু দক্ষিণ ভারতের স্থানীয় প্রজাতির কোবরার বিষ থেকে তারা অ্যান্টিভেনম বানিয়েছে, তাই সেটা লোকাল ভেনমের বিরুদ্ধেই শতভাগ বা বেশি ভালো কাজ করবে।’

ফলে ওই তিনটি সাপের বেঁচে থাকার পরিবেশ, প্রজনন পরিবেশ ভিন্ন হওয়ায় ভারতীয় অ্যান্টিভেনম বাংলাদেশে রোগীর দেহে ‘খুবই স্বল্প মাত্রায়’ কাজ করে বলে জানান তিনি।

আব্দুল ওয়াহেদ বলেন, ‘যখন এটা আমাদের দেশে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অন্য ধরনের এনভায়রনমেন্টে চলে আসছে, তখন প্রজাতি একই হলেও ভেনম ভিন্ন হওয়ার কারণে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের থেকে কেনা অ্যান্টিভেনমগুলা কাজ করে না। একদম করে না বলতে পারব না, খুবই কম মাত্রায়। এর কারণে যেটা হয়, রোগীর দেহে আমাদের বেশি পরিমাণে অ্যান্টিভেনম ইনজেক্ট করতে হয়।’

বিষয়টি ব্যাখ্যা করে তিনি জানান, দক্ষিণ ভারতের সাপে কাটা রোগীকে এই অ্যান্টিভেনম এক ভায়াল দিলে হয়তো কাজ হয়ে যেত। কিন্তু একই প্রজাতির হলেও দক্ষিণ ভারতের ওই অ্যান্টিভেনম বাংলাদেশের রোগীর দেহে ব্যবহার করলে ১০, ২০ বা ৪০ ভায়াল ইনজেক্ট করতে হয়।

এই কারণে বাংলাদেশে রোগীদের নানা ধরনের শারীরিক জটিলতার মুখোমুখিও হতে হয় বলে জানান অধ্যাপক ওয়াহেদ। তিনি বলেন, ‘দুর্ঘটনা যেটা হয় হয়তো বেশি ভায়াল দেওয়ার কারণে ভেনমটা নিউট্রালাইজ হয় অথবা একটা নির্দিষ্ট পরিমাণ হয়।’

অতিরিক্ত অ্যান্টিভেনম রোগীর দেহে যাওয়ার কারণে অন্যান্য অনেক রিঅ্যাকশন দেখা দেয় বা ক্রিটিক্যাল প্রবলেম দেখা দেয় জানিয়ে আব্দুল ওয়াহেদ আরও বলেন, ‘এই সমস্যা কাভার দিতে ডাক্তারদের আবার হিমশিম খেতে হয়।’ সূত্র: বিবিসি বাংলা

এমএম