জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডের আদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি বেঞ্চে দেয়া হলো মোট দশটি মামলার রায়।
এর মধ্যে ট্রাইব্যুনালে চলা মামলাগুলোর সুপ্রিমকোর্টের আপিল বিভাগে শুনানি শেষে চূড়ান্ত রায় হয়েছে দুটির এবং রায় কার্যকর করা হয়েছে একটির। ট্রাইব্যুনাল তার রায়ে এ পর্যন্ত আট জনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, দুই জনকে যাবজ্জীবন এবং এক জনকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এর মধ্যে দণ্ডভোগের সময় স্বাভাবিক মৃত্যু হয়েছে জামায়াতের সাবেক আমীর গোলাম আযম এবং আরেক দণ্ডপ্রাপ্ত আবদুল আলীম। আর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আবদুল কাদের মোল্লার।
ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা হলেন- আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দিন, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান, আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, আবদুল আলীম, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজম, দেলাওয়ার হোসাইন সাঈদী এবং মতিউর রহমান নিজামী।
এদের মধ্যে আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দিন এবং আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার পলাতক আছে। কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
অন্যদিকে, ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পেলেও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী।
আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় আপিল বিভাগ রয়েছে। তাদের আপিল শুনানি শুরু হবার অপেক্ষায়।
চলতি বছরের ২৯ অক্টোবর মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন মতিউর রহমান নিজামী। রায় নিয়ে আপিল বিভাগের দারস্থ হবেন তারা, এমনটাই জানিয়েছেন নিজামীর আইনজীবী।
বছরের ৩০ জানুয়ারি চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলায় অভিযুক্ত হবার কারণে চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে মৃত্যুদন্ড প্রদান করেন বর্তমানে হাইকোর্টে ডের্থ রেফারেন্স বেঞ্চে শুনানির অপেক্ষায় আছে মামলাটি।
ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন যারা:
আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দিন: ২০১৩ সালের ৩ নভেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসহ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাদের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়।
আলী আহসান মুহাম্মদ মুজাহিদ: ২০১৩ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী নিধন ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের হত্যা-ধর্ষণের ঘটনায় সম্পৃক্ত থাকায় জামায়াতে ইসলামীর শীর্ষনেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন তিনি।
মুহাম্মদ কামারুজ্জামান: একাত্তরে ময়মনসিংহ জেলা শাখার আল বদর প্রধান হিসাবে দায়িত্ব পালনকারী কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই রায়ের বিরুদ্ধে কামারুজ্জামান গত ৬ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের আবেদন করেন।
আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার: ২০১৩ সালের ২১ জানুয়ারি বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ড প্রদান করেন। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিই ছিল প্রথম রায়।
সালাউদ্দিন কাদের চৌধুরী: ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তার বিরুদ্ধে আনা ২৩টি অভিযোগের মধ্যে ৯ টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল তাকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করে।
পরে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল বিভাগে আপিল আবেদন করেন তিনি।
দেলাওয়ার হোসাইন সাঈদী: ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড প্রদান করেন।
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর এ দণ্ড কমিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ।
মতিউর রহমান নিজামী: একাত্তরে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের ২৯ অক্টোবর জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
যাবজ্জীবন, পরে ফাঁসি:
কাদের মোল্লা: ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ যাবজ্জীবন কারাদণ্ড দেন কাদের মোল্লাকে।
২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধে আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত বছরের ১২ ডিসেম্বর রাতে এই আদেশ কার্যকর করা হয়।
আবদুল আলীম: একাত্তরে মানবতা-বিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ৯ অক্টোবর আলীমকে আমৃত্যু কারাবাসের সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে আনা ১৭টি অভিযোগের মধ্যে নয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
৩১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী ও এই বিএনপি নেতা।
৯০ বছর কারাদণ্ড
গোলাম আজম: ২০১৩ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নব্বই বছরের কারাদণ্ড দেয় গোলাম আজমকে। চলতি বছরের ২৪ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই জামায়াতগুরু।
উচ্চ আদালতের আপিল বিভাগে কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ প্রদান ও কার্যকর করা হয়েছে। ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল-১ এবং ৬ মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল-২।
উল্লেখ্য, ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ২০১২ সালের ২২ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
কেএ/এসএইচ





