মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল আল-আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বানিয়াচোঁ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।

2

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা সেখানে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এনএইচ