শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
আব্দুল মোমিন সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে। তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে তাকে সেখানে রাখা হয়েছিল।
হাজতখানায় থাকা আরেক আসামির হাতকড়া খোলার সময় মোমিন দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দেন। এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি।
ঘটনার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। প্রায় দুই দিন পর শনিবার দুপুরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আব্দুল মোমিনকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এস