তিনি বলেন, দেশের মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পাচ্ছে কি না, কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন কি না এবং ব্যবসায়ীরা চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারছেন কি না—এসব প্রশ্নের উত্তর জনগণই জানে। এসব সমস্যার সমাধানের দাবিতেই তারা রাজপথে নেমেছেন।
শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে। সরকার এসব দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন।
কুমিল্লাকে বিভাগ করার দাবির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লাবাসী বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। ১৯৯৪ সালে সিলেট বিভাগ হওয়ার সময় একই সঙ্গে কুমিল্লাকেও বিভাগ করার দাবি উঠেছিল। কিন্তু তখন কুমিল্লাকে বিভাগ করা হয়নি। কুমিল্লাবাসীর অপরাধ কী—এ প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে আর কোনো টালবাহানা করা উচিত নয়। সরকারকে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন, তাদের দাবিও বিবেচনা করা উচিত। তবে দীর্ঘদিনের দাবির কারণে কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
কুমিল্লার নাম নিয়ে কোনো ধরনের অবহেলা বা বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোনো জেলার নামকে কেন্দ্র করে এমন আচরণ করা হলে তা ওই জেলার মানুষের প্রতি অসম্মান দেখানোর শামিল। সরকার যখন বিভাগ দেওয়ার কথা বলেছে, তখন তা বাস্তবায়ন করছে না কেন—এ প্রশ্নও রাখেন তিনি।
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সরকার কতটা বাস্তবায়ন করছে, তা জনগণের সামনে স্পষ্ট। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির বলেন, নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অন্য দায়িত্বে ব্যস্ত না থেকে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। দেশের যুবসমাজকে রক্ষা এবং দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন। বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীসহ ১১ দলীয় জোটের নেতারা।
এস