শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ—পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, মাদক কারবারি ও ছিনতাইকারীদের একাধিকবার আইনের আওতায় আনা হলেও বিভিন্ন আইনি সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘ সময় আটক রাখা সম্ভব হয় না। পরে তারা আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অনেক মাদক কারবারি ও ছিনতাইকারীকে একাধিকবার আটক করা হয়েছে। কিন্তু আইনের কিছু সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘ সময় আটকে রাখা যাচ্ছে না। ফলে তারা জামিন বা অন্য কোনো প্রক্রিয়ায় বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে।
দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম উল্লেখ করে আইজিপি বলেন, প্রায় এক হাজার মানুষের জন্য একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এই সীমিত জনবল দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
মাদককে নতুন প্রজন্মের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে মো. আলী হোসেন ফকির বলেন, বিভিন্ন ধরনের মাদক তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইয়াবাসহ নানা মাদককে অনেক সময় ‘এনার্জি ট্যাবলেট’ বা আকর্ষণীয় বিভিন্ন নামে বাজারজাত করা হয়। এ বিষয়ে সন্তানদের সচেতন করতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
পরিবেশ ও নগর পরিচ্ছন্নতার বিষয়ে আইজিপি বলেন, এ ধরনের কর্মসূচি শুধু প্রচার বা লোক দেখানোর জন্য নয়, বাস্তব পরিবর্তন আনার লক্ষ্যেই নেওয়া হয়েছে। ঢাকা শহরের পরিবেশ দূষণ কমাতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন আইজিপি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ পুলিশ, ঢাকা শহর ও ঢাকা সিটি করপোরেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, ঢাকা শহরজুড়ে একটি সচেতনতামূলক প্রচারণাও শুরু হয়েছে। কমিউনিটি পুলিশ ও কমিউনিটি ব্যাংকের উদ্যোগে শুরু হওয়া কার্যক্রমটি নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, নগরের পরিবেশ ভালো রাখতে পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নের ওপর গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব পর্যায় থেকে কোনো বিষয়ে গুরুত্ব দেওয়া হলে তা বাস্তবায়ন করা সম্ভব। একইভাবে নগরবাসী ঢাকাকে নিজের শহর হিসেবে ভালোবাসলে শহরের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠান শেষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করেন আইজিপি মো. আলী হোসেন ফকির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস