বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে নাজিরারটেক উপকূলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জেলে হলেন মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে একদল জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। উদ্ধার অভিযানে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হলেও পানির স্রোতে ভেসে যাওয়া নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান এখনো পাওয়া যায়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে এবং অন্য ট্রলারের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

তিনি জানান, নিখোঁজ চারজনের মধ্যে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য দুই জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের তৎপরতা অব্যাহত রয়েছে।

এস