বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি যারা ভালো ফল করতে পারেনি, তাদের নিয়েও কাজ করতে হবে। আগামী শনিবার কচুয়ার পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে বসার কথাও জানান তিনি।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জনসেবা, নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের মানসিকতা তৈরি হয়। ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, কীভাবে নেতৃত্ব দিতে হয়, মানুষের পাশে দাঁড়াতে হয় এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে হয়—স্কাউটিংয়ের মাধ্যমে এসব শিক্ষা পাওয়া যায়।

খেলাধুলার মাধ্যমেও তরুণদের মধ্যে নেতৃত্ব, নৈতিকতা ও শৃঙ্খলার গুণাবলি তৈরি হয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তার মতে, মাদক ও অনৈতিকতা থেকে তরুণদের দূরে রাখতেও খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ।

মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়ানো হচ্ছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে।

নতুন কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস কালচার, ‘লার্নিং হ্যাপিনেস’ এবং কারিগরি শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া স্কাউটের জন্য পৃথক স্কিম নেওয়া হয়েছে এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নিয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়ে এহছানুল হক মিলন বলেন, লেখাপড়ার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সম্মান করতে হবে।

তিনি বলেন, জাতি গঠনের জন্য শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং আদর্শকে সমুন্নত রাখতে হবে। আগামী দিনের বাংলাদেশ আজকের শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে।

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে বুধবার সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে মেডেল, অভিনন্দনপত্র এবং নির্ধারিত যাতায়াত ভাতা দেওয়া হয়। পাশাপাশি অনলাইনের মাধ্যমে প্রত্যেককে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

এস