তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেশনটি পরিচালনা করেন সিএনএন’র সাংবাদিক বেকি অ্যান্ডারসন।
বাংলাদেশে অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল জানিয়ে ড. ইউনূস বলেন, বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন। যেমন- ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল, ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন-শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে।
এ সময় বাংলাদেশের রিজার্ভ তলানিতে চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
বেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনো আমরা যেটা করব সেটা হলো ঐকমত্য গঠন। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব। সেগুলো বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অবস্থা।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে গত বুধবার রাতে অধ্যাপক ইউনূস দুবাই পৌঁছান। আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান।
এফএইচ