সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর শুরু হয় ১ জুলাই এবং শেষ হয় ৩০ জুন। নতুন সময়সূচিতে যাওয়ার আগে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা পরিবর্তনকালীন বছর হিসেবে ধরা হবে।

এ অর্থবছর নয় মাসের হবে। অর্থাৎ ২০২৭ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০২৮ সালের মার্চে শেষ হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন সময়সূচি কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান অর্থবছরের সময়সূচির কারণে জুলাই ও আগস্ট মাসে, অর্থাৎ বর্ষাকালে বিভিন্ন অবকাঠামো উন্নয়নকাজ চলমান থাকে। এতে বৃষ্টির কারণে উন্নয়ন প্রকল্পের কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের মান ক্ষতিগ্রস্ত এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।

সরকারের বিবেচনায়, অর্থবছর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত করা হলে বর্ষা শুরুর আগেই অধিকাংশ অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে। এ কারণেই নতুন সময়কালকে অধিকতর যুক্তিযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।

অর্থবছরের সময়কাল পরিবর্তনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা থাকবেন।

নতুন অর্থবছর কার্যকর করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে।

এ ছাড়া অর্থবছরের সময় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযুক্তিনির্ভর সিস্টেমেও প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এস