রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দফতরে স্লিপার বাস মালিক সমিতির স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘স্মারকলিপি আমরা পেয়েছি। আইনের বিষয়ে কোনো দ্বিমত নেই। আইন পরিপালনে আমরা বদ্ধপরিকর। দেশের আইন সবার জন্য সমান এবং সবাইকে তা মেনে চলতে হবে।’

স্লিপার বাস বন্ধ না করে সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার বিষয়ে মালিকদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বাসের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে মালিকদের সঙ্গে আলোচনা করা হবে। তাদের বক্তব্য শোনা হবে এবং আইন অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়া সম্ভব, তা করা হবে।

তিনি বলেন, দেশের যেকোনো নাগরিক যেকোনো বিষয়ে তাদের বক্তব্য দিতে পারেন। বিআরটিএ তাদের সঙ্গে বসে বিষয়গুলো শুনবে। তবে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

এর আগে স্লিপার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং এ ধরনের বাসের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি।

স্মারকলিপিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্লিপার বাসের কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের দাবি জানানো হয়। মালিকদের দাবি, স্লিপার বাস বন্ধ না করে প্রয়োজনীয় সংস্কার ও নিয়ন্ত্রক কাঠামোর মাধ্যমে এগুলো চলাচলের সুযোগ দেওয়া উচিত।

সমিতির নেতারা বলেন, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ খাতের সঙ্গে চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। তাই কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরি করে স্লিপার বাস চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এস