৩১ বছর বয়সী এই ফুটবলার বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের কথা জানান।
অল্প বয়সে ইয়োরেন্তের এমন সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে। তবে তিনি জানিয়েছেন, বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া কিংবা স্পেনের শিরোপা জয়ের সঙ্গে তার অবসরের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
ইনস্টাগ্রামে ইয়োরেন্তে লিখেছেন, ‘অনেক ভেবেচিন্তে জাতীয় দলের সঙ্গে আমার অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি, আমার বয়স খুব বেশি নয়। হয়তো এই জার্সি পরে খেলার জন্য আমার সামনে আরও কয়েক বছর সুযোগ ছিল।’
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় আতলেতিকো মাদ্রিদের এই রাইট-ব্যাক বলেন, বাইরে থেকে অনেকের কাছেই বিষয়টি বোধগম্য নাও হতে পারে। তবে এটি দীর্ঘ চিন্তাভাবনার পর নেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তা তার অনুভূতি থেকেই এসেছে।
২০২০ সালে স্পেন জাতীয় দলে অভিষেক হয় ইয়োরেন্তের। দেশের জার্সিতে তিনি ২৭টি ম্যাচ খেলেছেন এবং চারটি গোলে সহায়তা করেছেন।
২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে ইয়োরেন্তের অ্যাসিস্ট থেকেই গোল করে স্পেনকে জেতান আলেক্স বায়েনা। এছাড়া ইউরো ২০২০ ও ২০২২ বিশ্বকাপেও স্পেনের হয়ে খেলেছেন তিনি।
বিদায়ী বার্তায় সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইয়োরেন্তে বলেন, জাতীয় দলের হয়ে পাওয়া প্রতিটি অভিজ্ঞতাই তার স্মৃতিতে থাকবে। বিশেষ করে শেষ ৫২ দিনের স্মৃতি তার কাছে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে।
তিনি লিখেছেন, ‘দারুণ একটি দল, যারা স্পেনকে সবার ওপরে নিয়ে যেতে শেষ পর্যন্ত লড়াই করেছে।’
দেশের হয়ে খেলতে পারাকে গর্বের বিষয় উল্লেখ করে ইয়োরেন্তে বলেন, স্পেনের প্রতিনিধিত্ব করা এবং জাতীয় দলের এই যাত্রার অংশ হতে পারা তার জন্য বিশেষ সম্মানের।
সবশেষে জাতীয় দল, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ।’
এস