বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে নুর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে আগুন লাগে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, হোটেলের নিচতলার পার্কিংয়ে রাখা একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর গাড়িতে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন দ্রুত পার্কিং এলাকা থেকে ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় হোটেলের ভেতরে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়া ও আগুনের কারণে নিচে নামার পথ বন্ধ হয়ে গেলে ১৭ জন নিরাপত্তার জন্য ভবনের ছাদে উঠে যান।

খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ছাদে আশ্রয় নেওয়া ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছেন। পরে তাদের চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

আগুনে হোটেলের পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

প্রত্যক্ষদর্শী আলিম কাজী জানান, পার্কিংয়ে থাকা গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে চাকা বিস্ফোরণের পর কিছুক্ষণ বিরতি দিয়ে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভবনটি কেঁপে ওঠে।

পালং মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সময় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। পরে আগুন নিয়ন্ত্রণে এনে হোটেলের ওপরের অংশে আটকে থাকা ব্যক্তিদের নিরাপদে বের করে আনা হয়।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিচের পার্কিং এলাকায় আগুন ভয়াবহভাবে জ্বলছে। আগুনের তীব্রতার কারণে প্রথমদিকে ওপরের অংশে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ছাদে থাকা ১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এস