বেনফিকার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে ইতোমধ্যে লিসবনে পৌঁছেছেন এচেভেরি। ম্যানচেস্টার সিটির সতীর্থ রুবেন দিয়াস ও বার্নার্দো সিলভার পরামর্শও তার নতুন ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র প্রতিবেদনে বলা হয়েছে, এচেভেরিকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও চুক্তিতে রাখা হয়েছে। অর্থাৎ ধারে খেলার পর তার পারফরম্যান্স সন্তোষজনক হলে বেনফিকা তাকে স্থায়ীভাবে দলে নিতে পারে।
২০২৪ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেন এচেভেরি। তবে ইংলিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এরপর ধারেই সময় কাটিয়েছেন জার্মানির বেয়ার লেভারকুসেন ও স্পেনের জিরোনায়।
দুই ক্লাবেই নিয়মিত শুরুর একাদশে জায়গা করে নিতে পারেননি ২০ বছর বয়সী এই ফুটবলার। এবার বেনফিকায় সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্য তার। ক্লাবটির কোচ মার্কো সিলভার ট্যাকটিক্যাল পরিকল্পনায় এচেভেরিকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে, নতুন ক্লাবে ১০ নম্বর জার্সি পরবেন তিনি।
জাতীয় বয়সভিত্তিক দলেও এচেভেরির প্রতিভার ঝলক দেখা গেছে। ২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করে আলোচনায় আসেন তিনি। ওই আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই আর্জেন্টাইন।
একই বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন এচেভেরি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ফুটবলে নিজের নাম আরও উজ্জ্বল করেন তিনি।
এবার বেনফিকায় তার সামনে বড় সুযোগ—ধারাবাহিকভাবে মাঠে নেমে নিজের প্রতিভার প্রমাণ দেওয়া এবং নিয়মিত শুরুর একাদশে জায়গা করে নেওয়া।
এস