নিখোঁজের ২ মাস ১০ দিন পর সাংবাদিক উৎপল দাসের খোঁজ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের ভুলতায় কে বা কারা তাঁকে রেখে গেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ভুলতার আধুরিয়া এলাকার শাহজালাল ফিলিং স্টেশনের সামনে থেকে উৎপলকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ভুলতা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। 

রাত সাড়ে ১২টার দিকে উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, উৎপল তাঁকে ফোন করে বলেছেন তিনি ভুলতার গাউছিয়ায় আছেন। কাল (আজ বুধবার) যেন সেখানে তাঁকে আনতে যান।

উৎপলের বন্ধু দৈনিক সমকাল-এর সাংবাদিক রাজীব আহাম্মদ বলেন, উৎপল তাঁকে ফোন করে বলেছেন রাত ১২টার দিকে কে বা কারা রেখে গেছেন। তবে উৎপল কোথা থেকে কোন পরিবেশ ও কী অবস্থায় কথা বলছেন সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

উৎপলের সাথে কথা হলে তিনি জানান, আমি সুস্থ আছি, ভালো আছি। পরে কথা বলবো।

গত ১০ অক্টোবর নিখোঁজ হন অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম বিডি ডট নিউজের প্রতিবেদক উৎপল দাস। এ ঘটনায় ২২ অক্টোবর ওই সংবাদমাধ্যমের পক্ষ থেকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন উৎপলের বাবা একই থানায় আরেকটি জিডি করেন।

চিত্তরঞ্জন দাস জিডিতে উল্লেখ করেন, মতিঝিলের স্টক এক্সচেঞ্জ ভবনে উৎপলের কর্মস্থল। ১০ অক্টোবর দুপুরে তাঁর মা বিমলা রানী দাসকে ফোন করে উৎপল বলেছিলেন, তিনি অফিসেই আছেন। এরপর তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।