রোববার সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচয় ও পেশাগত সংজ্ঞা নির্ধারণে স্পষ্টতা প্রয়োজন। বিশেষ করে অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সাংবাদিক পরিচয় দেওয়ার প্রবণতা প্রকৃত সাংবাদিকদের জন্য হুমকি তৈরি করছে।

তার মতে, বিষয়টি শুধু সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ নয়। ভুয়া সাংবাদিক পরিচয়ে বিভিন্ন কর্মকাণ্ড জনগণ ও গণতন্ত্রের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একটি সম্মিলিত প্রস্তাব দিলে সরকার তা বিবেচনা করবে।

মতবিনিময়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়েও সাংবাদিক নেতারা তাদের উদ্বেগের কথা জানান। জবাবে প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ বা সাংবাদিকদের লেখার স্বাধীনতা খর্ব করার জন্য আইনটি করা হচ্ছে না। সাইবার জগতে জনগণ ও সাংবাদিকদের নিরাপদ রাখাই এর উদ্দেশ্য।

তিনি বলেন, সাংবাদিকদের লেখার স্বাধীনতা বন্ধ করা কিংবা সরকারের পক্ষে লেখানোর জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না। সাংবাদিকরা যাতে নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেটিও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

সাইবার সুরক্ষা আইন নিয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও তাদের মতামত নেওয়া হবে। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং গণমাধ্যম কীভাবে চলবে, সে বিষয়ে সরকার হস্তক্ষেপ করছে না।

গণমাধ্যমের জন্য আইনে বিশেষ সুরক্ষা রাখার একটি প্রস্তাবও সরকার বিবেচনা করছে বলে জানান প্রতিমন্ত্রী। সাংবাদিক নেতারা প্রস্তাব করেছেন, কোনো পত্রিকা, টেলিভিশন বা নিবন্ধিত অনলাইন পোর্টালে ভুলক্রমে এমন কিছু প্রকাশিত হলে, যা সাইবার সুরক্ষা আইনের ব্যত্যয় ঘটায়, সংশ্লিষ্ট সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে আদালতের অনুমতি নেওয়া যেতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে হয়রানি ও হেনস্তা এবং সাংবাদিকদের নাম ব্যবহার করে গুজব ছড়ানোর বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। এসব থেকে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও নিরাপদ রাখার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় শেষে সাংবাদিক নেতাদের তাদের দাবি ও প্রস্তাবগুলো লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী। লিখিত প্রস্তাব পেলে সেগুলো পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হবে বলে জানান তিনি।

এস