বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর নিউজরুম এডিটর তরুন সাংবাদিক মাহমুদুল ইসলাম রনির আর নেই। তার মরদেহ গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে রনির আত্মীয়-স্বজনসহ বাংলানিউজের সদস্যরা রয়েছেন। নামাজে জানাজার পর তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষে জানানো হয়েছে।
সোমবার সকালের শিফটে বাংলানিউজ অফিসে দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। সহকর্মীরা দ্রুত তাকে বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা রনির ম্যাসিভ হার্ট অ্যাটাকের কথা জানান। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সকাল সাড়ে সাতটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাহমুদুল ইসলাম রনি স্ত্রী, এক সন্তান, বাবা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকাল ১০টার দিকে রনির মরদেহ বাংলানিউজ কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তাকে বাংলানিউজের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে ২০১৩ সালে বাংলানিউজে যোগ দেন মাহমুদুল ইসলাম রনি। রনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৭ সালের দিকে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘আন্দোলনের বাজার’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এছাড়া একটি অনলাইন নিউজ পোর্টালের ইসলামী বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট হিসেবেও কাজ করেছেন রনি।
রনির ক্যান্সার আক্রান্ত মা গত ২৩ ফেব্রুয়ারি গ্রামের বাড়িতে মারা যান। মায়ের রুহের মাগফেরাত কামনার জন্য বাড়িতে আয়োজিত অনুষ্ঠান শেষে সোমবারই ছুটি শেষে বাংলানিউজ অফিসে যোগ দেন রনি।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]