বহিরাগত ছাত্র রাখতে না দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিয়া হলে ইরফান এইচ সায়েম নামে এক সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগের কর্মীরা। আহত সায়েম ‘দৈনিক আলোকিত বাংলাদেশের’ বিশ্ববিদ্যালয় রিপোর্টার।
শনিবার রাতে আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের গেস্ট রুমে এ ঘটনা ঘটে।  
জানা যায়, সাংবাদিক ইরফান যে রুমে (৩১৭ নম্বর) থাকতেন সে রুমে হল শাখা ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান শাওন তার এলাকার এক বহিরাগত ছাত্রকে তার বেডমেট হিসেবে থাকতে বলেন। ইরফান এর প্রতিবাদ করলে শাওন গ্রুপের দুই ছাত্রলীগ কর্মী আব্দুল হক রনি ও মোহাম্মদ ইউসুফ ইরফানকে হলের গেস্টরুমে ডেকে নিয়ে যান। সেখানে ছাত্রলীগের নেতারা তার সাথে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
ইরফান এর প্রতিবাদ করলে ছাত্রলীগের ওই দুই ক্যাডার গেস্ট রুমেই ইরফানকে মারতে শুরু করে। এক পর্যায়ে মারতে মারতে শরীরের বিভিন্ন অংশ থেকে প্রচুর রক্তপাত হলে ইরফানকে তারা হল থেকে বের করে দেয়।
জানা যায়, ওই দুই ছাত্রলীগ ক্যাডার হল শাখার পদপ্রাপ্ত। আব্দুল হক রনি হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ যুগ্ম-সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত: ছাত্রলীগের নেতা শাওন ও তার গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ রয়েছে। শাওন ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে মদ, হেরোইন, গাজা, ফেনসিডিল, ইয়াবা ও তামাকসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের ব্যবসার সাথে সম্পৃক্ত। এর আগে শাহবাগে মদ নিয়ে বার কর্মচারীদের সাথে সংঘর্ষে ওই নেতাকে ছাত্রলীগের পক্ষ থেকে সতর্কবাণী দেয়া হয়। তার পরেও থামছে না এই নেতার ও তার গ্রুপের নেতাকর্মীদের অপকর্ম।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]