বাক ও ব্যক্তি স্বাধীনতা হরণ ও মিডিয়া দলনের জন্যই সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব এম এ আজিজ।
তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি স্তম্ভ সংসদ, বিচার বিভাগ, প্রশাসন ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। এ অবস্থায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মিডিয়া গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। সে কারণে মিডিয়াকেও ভেঙে চুরমার করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে মিডিয়ার সাথে জড়িতদের সবার আগে এগিয়ে আসতে হবে।
বুধবার সকালে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে এমএ আজিজ এসব কথা বলেন।সাংবাদিক ইউনিয়ন যশোর এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহ। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন বিএফইউজে’র সহকারী মহাসচিব মির্জা সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল কবীর নান্টু, সংগঠনের সাবেক সভাপতি ফকির শওকত, যশোর প্রেসক্লাবের সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এম আইউব প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশের প্রধান বক্তা এমএ আজিজ আরও বলেন, নানা শর্ত পূরণ করার পর টেলিভিশন ও পত্রিকার অনুমোদন দেয়া হয়। ফলে এর জন্য আলাদা কোন নীতিমালা কিংবা আইনের প্রয়োজন নেই। তারপরও যদি কেউ শর্ত ভঙ্গ করে, সেজন্য প্রচলিত আইনেই ব্যবস্থা নেয়া সম্ভব।
এমএ আজিজ বলেন, বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে তথ্য মন্ত্রণালয়ের কোন অস্তিত্ব নেই। আমাদের মতো দেশেও এ মন্ত্রণালয়ের কোন প্রয়োজন আছে কিনা তা ভেবে দেখতে হবে।
তিনি বলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনেই সম্প্রচার নীতিমালা তৈরি করা হলেও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইতোপূর্বে অসত্য কথা বলেছিলেন।
এই নীতিমালা বাতিল ও তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে এমএ আজিজ বলেন, মিডিয়া দলনের নীতিমালা আর কালাকানুন করে এই সরকার শেষ রক্ষা করতে পারবে না।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





