শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার কর্তব্যরত পুলিশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই নিরাপত্তা কর্মীর হাতে লাঞ্ছিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। বাংলাদেশ দলের ইনডোর অনুশীলন দেখতে যাওয়ার সময় ওই সাংবাদিক লাঞ্ছনার শিকার হন।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, ‘বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বিসিবির অ্যাক্রিডিটেশন কার্ড তখনও সরবরাহ করা হয়নি। নিরাপত্তা কর্মীরা পরিচয় জানতে চাইলে,আমি নিজের পরিচয় দেই, পরিচয়পত্রও দেখাই। তারপরও আমাকে বলা হয়, আপনার গতিবিধি সন্দেহজনক, অ্যাক্রিডিটেশন কার্ড নাই।
পরে কথাবার্তার এক পর্যায়ে বিসিবির নিরাপত্তা কর্মীদের যোগসাজশে পুলিশ আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আজ আমার সঙ্গে হয়েছে। পরে অন্য সময়ে আরো অনেকের সঙ্গেও এমন হবে ।’
বিষয়টি বিসিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ওই দুই নিরাপত্তা কর্মীকে চিহ্নিত করা হয়। বিসিবির পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন,‘এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সত্যিই দুঃখিত। এটা কখনোই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেব।’
এমকে





